ধর্মনগর প্রতিনিধি, মিলন নাগ : উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরে পাগল কুকুরের কামড়ে আতঙ্ক ছড়াল। বুধবার ধর্মনগর শহরের বিভিন্ন এলাকায় একটি উন্মত্ত কুকুরের কামড়ে প্রায় ১৫ থেকে ২০ জন গুরুতরভাবে আহত হন। ঘটনার পর আহতদের দ্রুত ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়।ধর্মনগর জেলা হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, কুকুরের কামড়ে আহত সকলেরই প্রাথমিক চিকিৎসা সম্পন্ন করা হয়েছে এবং প্রত্যেককে প্রয়োজনীয় অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে। বর্তমানে সকলেই চিকিৎসাধীন রয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।চিকিৎসকরা আরও জানান, ঘটনার পর সংশ্লিষ্ট দপ্তর তথা ডগ স্কোয়াড (ডগ কন্ট্রোল) কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে, যাতে দ্রুত ওই পাগল কুকুরটিকে আটক করে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায়।এদিকে, আচমকা এই ঘটনার জেরে শহরবাসীর মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
