খোয়াই প্রতিনিধি, প্রীতম তাঁতি ।। চেবরি পেক্নিছড়ায় প্রায় তিন কিলোমিটার রাস্তা ভেঙ্গে নষ্ট হয়ে আছে দীর্ঘদিন যাবত। এই রাস্তা সংস্কারের জন্য প্রায় ৪ কোটি ১৯ লক্ষ টাকার বরাত দেওয়া হয়। শুরু হয় কাজ। তবে স্থানীয়দের অভিযোগ মেটেলিং কার্পেটিং থেকে শুরু করে সমস্ত কিছু ধরা থাকলেও একেবারে নিয়ম বহির্ভূতভাবে অত্যন্ত নিম্নমানের কাজ করছে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার। আগের পিচের উপরেই হাল্কা প্রলেপ দিয়ে চলছে নিম্নমানের কাজ। উন্নতমানের বোল্ডার রাস্তার পাশে দেওয়ার কথা ছিল। কিন্তু যে বোল্ডাগুলি দেওয়া হচ্ছে সেগুলির গুণগত মান নিয়েও উঠেছে প্রশ্ন। রাস্তার কাজের সাথেই ড্রেনের কাজও ধরা হয়েছিল সেই কাজ নিয়েও অসন্তোষ প্রকাশ করছেন এলাকাবাসী।তদারকির দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার কাজের জায়গায় উপস্থিত না থেকে উনার পছন্দের দুজনকে দায়িত্ব দিয়ে রেখেছেন বলে অভিযোগ। যারা কাজের সাইটে আছেন তাদের রাস্তার গুণগত মান নিয়ে প্রশ্ন করা হলে কোন প্রশ্নেরই সেরকম উত্তর দিতে পারেনি। এলাকাবাসীর বক্তব্য এভাবে রাস্তা তৈরি হলে কয়েক মাসের মধ্যেই রাস্তাটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। এর থেকে আগের রাস্তাই ভাল ছিল বলে আক্ষেপের সুরে বললেন কয়েকজন এলাকাবাসী। এখন দেখার সংবাদ পরিবেশন এর পর এই রাস্তার কাজের গুণগত মান কতটুকু হয়েছে তার তদন্ত করে কিনা দপ্তর? স্থানীয় সুত্রের খবর ঠিকেদারের মাথায় শাসক দলের বড় মাপের নেতার আশীর্বাদের হাত রয়েছে। তাই সরকারি নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে নিজের ইচ্ছেমত কাজ করছে সে। আরও জানা গেছে কাজ শুরু হওয়ার আগেই নাকি বড় অংকের প্রনামি পৌঁছে গেছে নির্দিষ্ট জায়গায়। স্থানীয়দের বক্তব্য ইঞ্জিনিয়ার অমিত দাস যেখানেই কাজ করাচ্ছেন সেখানেই ব্যাপক দুর্নীতি হচ্ছে।ঠিকাদারের সঙ্গে হাত মিলিয়ে কাজের গুণগতমান নষ্ট করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা সমগ্র বিষয়ের সঠিক তদন্ত করুক দাবি তুলেছেন সাধারণ মানুষ। ঠিকঠাক তদন্ত হলে অনেক ঘোটালা বেড়িয়ে আসবে বলে জানাচ্ছেন স্থানীয়রা।এখন দেখার দপ্তর কি ভূমিকা নেয়।
