ধর্মনগর প্রতিনিধি, মিলন নাগ : ন্যাশনাল রোড সেফটি কর্মসূচিকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে উত্তর জেলার জেলাশাসকের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলাশাসক চাঁদনী চন্দ্রা ও উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার অবিনাশ রাই। সাংবাদিক সম্মেলনে জেলাশাসক চাঁদনী চন্দ্রা জানান, জানুয়ারি মাসের শুরু থেকেই উত্তর জেলায় সড়ক দুর্ঘটনা রুখতে এবং যানজট মুক্ত রাখতে জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসন যৌথভাবে একাধিক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করা।তিনি জানান, এখন থেকে উত্তর জেলায় কোনও ব্যক্তি হেলমেট ছাড়া পেট্রোল পাম্প থেকে পেট্রোল সংগ্রহ করতে পারবেন না। পাশাপাশি গাড়ি চালানোর সময় সিট বেল্ট বাধ্যতামূলক করা হয়েছে। নাবালক ও নাবালিকারা স্কুটি, বাইক বা অন্য কোনও যানবাহন চালাতে পারবে না। যদি কোনও নাবালক যানবাহন চালাতে গিয়ে ধরা পড়ে, তাহলে সংশ্লিষ্ট অভিভাবকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।এই বিষয়ে জেলা পুলিশ সুপার অবিনাশ রাই জানান, মোটর ভেহিকেল আইন (MVI Act) অনুযায়ী নাবালক দ্বারা যানবাহন চালানোর ক্ষেত্রে তাদের অভিভাবকদের জেল পর্যন্ত হতে পারে। তাই তিনি অভিভাবকদের আহ্বান জানান, নাবালক নাবালিকাদের হাতে কোনও ধরনের যানবাহন না দেওয়ার জন্য।এছাড়াও তিনি জানান, উত্তর জেলার পুলিশ ও প্রশাসনের আওতাধীন সমস্ত সরকারি গাড়ির বৈধ কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। যেসব গাড়ির নথিপত্রে ত্রুটি রয়েছে, তা দ্রুত পূরণ করা হবে।সাংবাদিক সম্মেলনে আরও জানানো হয়, ধর্মনগর বাজার সহ বিভিন্ন এলাকায় রাস্তা দখল করে যারা ব্যবসা করছেন, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি কিছু বাইকের বিকট শব্দ ও বেআইনি মডিফাই করা সাইলেন্সারের কারণে সাধারণ মানুষকে যে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে, সেই বিষয়েও প্রশাসন কড়া অবস্থান গ্রহণ করেছে। বেআইনি ভাবে সাইলেন্সার পরিবর্তন বা শব্দ দূষণকারী বাইকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।সব মিলিয়ে উত্তর জেলায় সড়ক দুর্ঘটনা রোধ, যানজট কমানো এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একগুচ্ছ কঠোর ও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয় এই সাংবাদিক সম্মেলনে ।
