ধর্মনগর, মিলন নাগ : সোমবার দুপুরে ধর্মনগর শহরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্প দপ্তরের উদ্যোগে রেশম চাষ বিষয়ক এক ৬-দিবসীয় প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। পানিসাগর ও হুড়ুয়া ক্লাস্টারের অন্তর্গত প্রায় ২০০ জন মহিলা রেশম চাষিকে নিয়ে ‘সিল্ক সমগ্র–২’ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে।কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি অর্পণা নাথ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্প দপ্তরের সহ-অধিকর্তা জ্যোতি বিকাশ চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন কালাছড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন টিংকু শর্মা, সমাজসেবী কাজল দাস সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা।বক্তারা তাঁদের বক্তব্যে জানান, এই প্রশিক্ষণ কর্মশালার মূল উদ্দেশ্য হলো রেশম চাষের আধুনিক পদ্ধতি সম্পর্কে মহিলাদের প্রশিক্ষিত করে তোলা এবং তাঁদের আর্থিকভাবে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা। প্রশিক্ষণের মাধ্যমে রেশম চাষ, রেশম কীট পালন, উৎপাদন বৃদ্ধি ও বাজারজাতকরণ সম্পর্কিত বিভিন্ন দিক সম্পর্কে হাতে-কলমে শিক্ষা প্রদান করা হবে।উল্লেখ্য, এই ধরনের উদ্যোগের মাধ্যমে গ্রামীণ এলাকার মহিলাদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে এবং রেশম শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উদ্যোক্তারা।
