তেলিয়ামুড়া প্রতিনিধি।। জনজাতি কল্যাণ দপ্তরের তরফে শিক্ষার পরিকাঠামো উন্নয়নের জন্য প্রায় ৫৯ লক্ষ টাকা এডিসি প্রশাসনকে প্রদান করা হলেও, সেই অর্থে হওয়া নির্মাণ কাজের গুণগত মান নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে কার্যত নিয়ম লঙ্ঘন করেই কাজ চলছে।এই বিষয়টি প্রথম জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা-র নজরে আনেন স্থানীয় এমডিসি বিমল কান্তি চাকমা। অভিযোগ পাওয়ার পর বৃহস্পতিবার সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে নিয়ে ছাত্রী নিবাস পরিদর্শনে যান মন্ত্রী।পরিদর্শনকালে মন্ত্রী প্রথমে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন। পড়াশোনা ও হোস্টেলের নানা সমস্যা সম্পর্কে সরাসরি শিক্ষার্থীদের কাছ থেকেই বিস্তারিত জানেন তিনি। সমস্যাগুলি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের স্পষ্ট নির্দেশ দেন মন্ত্রী।এরপর নবনির্মীয়মান রান্নাঘর ও বাউন্ডারি ওয়াল পরিদর্শনে গিয়ে মন্ত্রী নিজেই কাজের মান দেখে ক্ষোভ প্রকাশ করেন। অভিযোগ, ব্যবহৃত নির্মাণ সামগ্রী অত্যন্ত নিম্নমানের এবং কাজের গুণগত মান বজায় রাখা হচ্ছে না। এমনকি নির্মাণে ব্যবহৃত সামগ্রী যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।হোস্টেল চত্বরে দাঁড়িয়েই মন্ত্রী বিকাশ দেববর্মা নির্দেশ দেন—শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে যতটুকু নির্মাণ হয়েছে, তার পূর্ণাঙ্গ তদন্ত অবিলম্বে শুরু করতে হবে। দুর্ঘটনার সম্ভাবনা থাকলে কাজ বন্ধ রাখার কথাও বলেন তিনি।
