আগরতলা প্রতিনিধি ।। ইংরেজি ২০২৬ সালের ২১শে জানুয়ারি থেকে ২৭ শে জানুয়ারি পর্যন্ত ওড়িশার কটক শহরে অনুষ্ঠিত হয় ২৮তম গ্লোবাল থিয়েটার ফেস্টিবল। সর্বভারতীয় বহুভাষিক নাটক, নৃত্য, সংগীত, যন্ত্রসংগীত ও একক অভিনয় প্রতিযোগিতা ও উৎসব। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক এবং এনসিজেডসিসি এর সহযোগিতায় এই উৎসবের আয়োজক ছিল থিয়েটার মুভমেন্ট। এই অনুষ্ঠানে অংশ নেয় ত্রিপুরার গোমতী জেলার উদয়পুর এর নবদিগন্ত নাট্য একাডেমি। একাডেমীর অধ্যক্ষ প্রিয়াঙ্কর দেবনাথ এর নেতৃত্বে ১৫ সদস্যের একটি টিম গত ২৩ জানুয়ারি আগরতলা বাধারঘাট রেল স্টেশন থেকে ওড়িশার উদ্দ্যশ্যে রওনা হয়েছিল। গত ২৫ এবং ২৬ জানুয়ারি নবদিগন্ত নাট্য একাডেমির সদস্য সদস্যারা মঞ্চে পারফরমেন্স করেছেন। অন্যান্য রাজ্যের প্রতিযোগীদের পেছনে ফেলে সর্ব ভারতীয় স্তরের এই প্রতিযোগিতায় নবদিগন্ত নাট্য একাডেমির সদস্য সদস্যারা একাধিক পুরষ্কার ছিনিয়ে এনেছেন। যা ত্রিপুরা রাজ্যের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এই অনুষ্ঠানে জাতীয় কলা গৌরব নাট্য এ্যাওয়ার্ড পেয়েছেন নবদিগন্ত নাট্য একাডেমীর অধ্যক্ষ প্রিয়াঙ্কর দেবনাথ। এদিকে প্রতিযোগীদের মধ্যে তেলিয়ামুড়ার বাসিন্দা চন্দ্রা সূত্রধর, সিনিয়র সেমি-ক্লাসিক্যাল ভোকালে প্রথম স্থান দখল করেছে এবং পুরষ্কার পেয়েছে। সিনিয়র দেশাত্মবোধক সমবেত সংগীত প্রতিযোগিতায় প্রথম স্থান পেয়েছে নবদিগন্ত নাট্য একাডেমীর গ্রুপ টিম। সিনিয়র দেশাত্মবোধক একক সংগীতে প্রথম স্থান পেয়েছে ধনপুরের শ্রাবণী পাল। জুনিয়র একক অভিনয়ে প্রথম স্থান পেয়েছে দুজন। তারা হল উদয়পুরের সুহানা দাস এবং পৃথ্বীরাজ সাহা। জুনিয়র ভোকালে দ্বিতীয় স্থান পেয়েছেন সোনামুড়ার সমদীপা ভৌমিক। সাব-জুনিয়র একক অভিনয়ে দ্বিতীয় স্থান পেয়েছেন উদয়পুরের রচয়িতা দাস। জুনিয়র যন্ত্রসংগীত-কিবোর্ডে দ্বিতীয় স্থান দখল করেছে তেলিয়ামুড়ার রাজদ্বীপ চৌধুরী।জুনিয়র সেমি-ক্লাসিক্যালে তৃতীয় স্থান পেয়েছে উদয়পুর এর কোয়েল মজুমদার এবং সিনিয়র একক অভিনয়ে তৃতীয় স্থান দখল করেছে উদয়পুরের সুরজ সাহা। ২৮তম গ্লোবাল থিয়েটার ফেস্টিবলে অংশ গ্রহণ করে একাধিক পুরষ্কার অর্জন করে এরা প্রত্যেকেই ত্রিপুরার নাম উজ্বল করেছে। নবদিগন্ত নাট্য একাডেমির এহেন সাফল্যে খুশি রাজ্যের সংস্কৃতি প্রিয় মানুষজন।
