ধর্মনগর,মিলন নাগ: রবিবার বিকেলে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের মুসলিম পাড়ায় ২ নং ওয়ার্ডে একটি পরিত্যক্ত ঘরে নেশা বিরোধী অভিযান চালায় ধর্মনগর থানার পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার। অভিযানে উপস্থিত ছিলেন ধর্মনগর থানার অফিসার ইনচার্জ মিনা দেববর্মা, ধর্মনগর থানার পুলিশ অফিসার পীযুষ সাহা সহ পুলিশ ও টি এস আর একটি টিম।অভিযান চলাকালীন ওই পরিত্যক্ত ঘর থেকে সাবানের কেইসে রাখা দুই কেস ব্রাউন সুগার উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ৫০ গ্রাম। পাশাপাশি উদ্ধার করা হয় প্রায় চার হাজার ইয়াবা ট্যাবলেট। উদ্ধার হওয়া নেশা সামগ্রী বাজেয়াপ্ত করে পুলিশ।এ বিষয়ে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার জানান, নেশা মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ধারাবাহিকভাবে নেশা বিরোধী অভিযান চালানো হচ্ছে। এই নেশা সামগ্রীর সঙ্গে কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ এবং শীঘ্রই এর সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নেশা বিরোধী এই অভিযানে পুলিশের সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
