ধর্মনগর,মিলন নাগ :—— রবিবার সকাল থেকে শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভা সমষ্টির অন্তর্গত বাদশাহী সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ ভাবে বসবাস কারিদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানে নামে প্রশাসন। অবশ্য এ ব্যাপারে ইতিমধ্যে বনাঞ্চলে বসবাসরতদের বিরুদ্ধে সরকারি ভাবে উচ্ছেদ নোটিশ জারি করে বন বিভাগ।এমন খবরে গত কয়দিনে বনাঞ্চলে বসবাসরত বেশকিছু পরিবার নিজেদের তল্পিতল্পা গুটিয়ে অন্যত্র চলে গেছেন। যারা যাননি এবার তাদের বিরুদ্ধে খড়্গহস্ত হয় প্রশাসন। জানা গেছে,এক হাজারের মত পরিবারকে এই উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে।উক্ত তালিকায় পাথারকান্দি বিধানসভা সমষ্টির ইছাপার,মাধবপুর,বালিয়া,মধুরবন্দ,ছাগলমোয়া,মাগুরা,যোগীছড়া,চাঁদপুর সহ আরও বেশকিছু সংরক্ষিত বনাঞ্চলে বসবাসকারীদের নাম রয়েছে।বিগত দিনে গুগল ম্যাপ সহ জিপিএস ও নথিপত্র যাচাই করেই এদেরকে চিহ্নিত করা হয়।উক্ত অভিযানে প্রায় পঞ্চাশটি বুলডোজার সহ বেশকটি হাতি ও তিন শতাধিক কর্মী নিয়োগ করা হয়।পাশাপাশি আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ডিএফও,এসিএফ,রেঞ্জ অফিসার,ম্যাজেস্টিট,পুলিশ,বিএসএফ,কামান্ডো বাহিনী,আধাসেনা বাহিনী সহ প্রটেকশন টিমের কর্মীদের কাজে নামানো হয়।উচ্ছেদস্থলে সংবাদকর্মীদেরও প্রবেশে বাঁধা দিচ্ছে প্রশাসন।এই অভিযানে অবৈধ বসতবাড়ী সহ রবার বাগান,সুপারী বাগান এবং ফিশারীও গুড়িয়ে দেওয়ার কাজ চলছে।আরও তিন দিন এহেন অভিযান চলবে বলে জানিয়ছেন বন বিভাগের ডিএফও অমল আর বরহাদি।এতে পাথারকান্দিতে প্রায় তিন হাজার বিঘা সরকারি জমি বেদখল মুক্ত হবে বলে ধারনা করা হচ্ছে।এদিকে উচ্ছেদের নোটিশ প্রাপকদের কাছ থেকে বিশেষ সুবিধে করে দেবার নামে একটি অসৎ চক্র বিজেপির নাম ভাঙ্গিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে।
