কুমারঘাট প্রতিনিধি ।। ত্রিপুরার ফটিকরায় থানা এলাকার আনাচে-কানাচে চলছে নেশার রমরমা বাণিজ্য। অভিযোগ উড়িয়ে দিয়ে নেশা বাণিজ্যের বিরুদ্ধে নতুন করে পুলিশের তৎপরতার কথা থানার নতুন ওসির মুখে। এলাকার ট্রাফিক ব্যবস্থাকেও ঢেলে সাজাতে পুলিশের পদক্ষেপের কথা তুলে ধরলেন পুলিশ অধিকারীক। ফটিকরায় থানার নতুন দায়িত্বপ্রাপ্ত ওসি সহদেব দাস। বিগত একমাস ধরে ফটিকরায় থানার দায়িত্ব সামলাচ্ছেন তিনি। এর মাঝেই অবৈধ নেশা কারবারীদের বিরুদ্ধে মাঠে নেমে সাফল্য মিলেছে বলে দাবী করেন থানা আধিকারিক। প্রতিক্রিয়া দিতে গিয়ে ওসি সহদেব দাস বলেন, দায়িত্ব নেওয়ার পর জুয়া এবং মদের বিরুদ্ধে অভিযানে নামেন তিনি। অভিযানে ৪৫ লিটার দেশীয় মদ উদ্ধার সহ প্রায় ১০ জন অবৈধ নেশা এবং জুয়া কারবারিকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। আগামীদিনেও তার এই অভিযান জারি থাকবে বলে দাবী করেন ওসি। ফটিকরায় থানা এলাকার অন্যতম ব্যাস্ত রাস্তা শক্তিসংঘ এলাকায় আগে ছিলোনা কোন নাকা চেকিং কিংবা পুলিশি প্রহরা। বর্তমানে জাতীয় সড়কের ঐ জায়গাতেও নাকা চেকিংএর ব্যাবস্থা করা হয়েছে এবং আগামীতেও এলাকার ট্রাফিক ব্যবস্থাকে জোরদার করে তুলতে ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান ওসি সহদেব দাস।এদিকে সচেতন নাগরিকদের অভিযোগ নাকা পয়েন্টগুলো এখন পুলিশের জন্য বাড়তি আশীর্বাদ। তাই এখন সর্বত্র নাকাতেই নজর পুলিশের। এলাকায় নেশা বানিজ্যের রমরমা চলে আসলেও নেশা বাণিজ্যের আসল সম্রাটদের দিকে আজ পর্যন্ত নজর পরেনি ফটিকরায় থানার কোন অফিসারের। ফটিকরায় থানা এলাকায় অনেক বিলাশবহুল বাড়ীতেই চলে দেশীয় সুরার রমরমা ব্যাবসা। কিন্তু সব জেনেও মাথা ঝুঁকিয়েই চলছে পুলিশ। এবারে সেইসব অবৈধ কারবারীদের বিরুদ্ধেও নতুন ওসির তৎপরতা দেখা যাবে কিনা সেটাই দেখার।
