খোয়াই প্রতিনিধি ।। শীতকালে খোয়াই মহকুমায় ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, গাজর, মূলা, শিম, টমেটো, ধনে পাতা ইত্যাদি সবজি প্রচুর পরিমাণে চাষ হয়। বিশেষ করে খোয়াই নদীর আশেপাশের কৃষকরা ভালো ফলন পায় প্রতিবছর। খোয়াই পহরমুড়ায় খোয়াই নদী সংলগ্ন চকবের এলাকা, যা এখানকার কৃষির একটি গুরুত্বপূর্ণ অংশ। শীতের অনুকূল আবহাওয়ায় এই সবজিগুলো চাষের জন্য উপযুক্ত, এবং অক্টোবর-নভেম্বর মাস বীজ বপনের সেরা সময়। কিন্তু এবছর শীতকালীন সবজি চাষের জন্য আবহাওয়া প্রথম দিকে সেই রকম অনুকূল ছিল না। যার কারণে প্রথম দিকে ফলন একেবারেই কম হয়েছে। পাশাপাশি পোকার যন্ত্রণায় বাঁধাকপি থেকে শুরু করে বিভিন্ন ফলন মাঠে মারা খেয়েছে। প্রথমদিকে কৃষকরা চেষ্টা করলেও খোয়াই কৃষি দপ্তরের সেই রকম কোন সহযোগিতা পায়নি। শ্রীকান্ত নাথ কৃষি আধিকারিক থাকাকালীন সময়ে প্রত্যেকটি কৃষি জমিতে গিয়ে কৃষকদের অবস্থা কি রকম, কোন কিছু প্রয়োজন আছে কিনা, কৃষকদের সাথে কথা বলতেন খবরাখবর নিতেন। নতুন যারা দায়িত্বে এসেছেন তাদের সেই রকম কোন ভূমিকাই নেই বলে অভিযোগ। কৃষকদের বক্তব্য সংশ্লিষ্ট দপ্তর পাশে দাঁড়ালে ক্ষতির হাত থেকে অনেকটাই রক্ষা পাবেন। রাজ্যের কৃষিমন্ত্রী যেন এদিকে নজর দেয় এই দাবি জানালেন কৃষকরা।
