খোয়াই,প্রীতম তাঁতি : মঙ্গলবার গভীর রাত থেকে হঠাৎ শুরু হওয়া প্রবল কালবৈশাখী ঝড়ের দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ল গোটা খোয়াই মহকুমা। ঝড়ের তাণ্ডবে মহকুমার বিভিন্ন প্রান্তে গাছপালা উপড়ে পড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভেঙে পড়েছে অসংখ্য বিদ্যুতের খুঁটি, যার ফলে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন রয়েছে বিস্তীর্ণ এলাকায়। এমনকি ঝড়ের দাপট থেকে রক্ষা পায়নি সরকারি এলাকাও। খোয়াই গণকীস্থিত পুলিশ লাইনের বহু পুরনো একটি গাছ ভেঙে পড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। গাছটি সরাসরি সেখানে পার্ক করে রাখা পুলিশ কর্মীদের বাইক ও স্কুটির ওপর পড়লে বেশ কয়েকটি যানবাহন দুমড়ে-মুচড়ে যায়।শহর সংলগ্ন আজগরটিলা এলাকায় বেশ কয়েকটি বাড়ির ওপর গাছ ভেঙে পড়ায় ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। অন্যদিকে, খোয়াই লালছড়া রায় পাড়া এলাকায় এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সেখানেও একটি বাড়ির ওপর গাছ ভেঙে পড়লে খবর দেওয়া হয় বনদপ্তরে। বনকর্মীরা যখন গাছটি কেটে সরানোর চেষ্টা করছিলেন, ঠিক সেই সময় গাছের একটি বড় ডাল ভেঙে পড়ে গুরুতর আহত হন ওই বাড়ির যুবক বিশাল নাগ। তাঁকে দ্রুত উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে, বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।শহরাঞ্চলের পাশাপাশি খোয়াইয়ের প্রত্যন্ত গ্রামগুলোতেও ঝড়ের প্রভাব পড়েছে মারাত্মকভাবে। বিঘার পর বিঘা কৃষিজমি ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। অনেক জায়গায় টিনের চাল উড়ে গিয়ে গৃহহীন হয়ে পড়েছেন সাধারণ মানুষ। বিদ্যুৎ দপ্তর সূত্রে খবর, ভেঙে পড়া পোল ও তার মেরামতির কাজ জরুরি তৎপরতায় চলছে, তবে স্বাভাবিক পরিষেবা ফিরতে আরও কিছুটা সময় লাগতে পারে।
