সোনামুড়া,নারায়ণ বৈদ্য : প্রাকৃতিক দুর্যোগ ও অঝোর বৃষ্টিকে উপেক্ষা করে শুক্রবার সোনামুড়া মহাকুমার গ্রানতলী পঞ্চায়েতে এক আনন্দের জোয়ার বইল। এদিন এলাকার কৃষকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে নবনির্মিত ‘কৃষি উপ-বীজাগার’ কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও কৃষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, এই কেন্দ্রটি তাঁদের দৈনন্দিন জীবনে কতটা প্রয়োজনীয়। ফিতা কেটে নতুন এই কৃষি উপ-বীজাগারের উদ্বোধন করেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। উদ্বোধনের পর পঞ্চায়েত মাঠে একটি সুসজ্জিত আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামতলী গ্রাম পঞ্চায়েতের প্রধান।এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মোহনভোগ আর.ডি ব্লকের চেয়ারম্যান শ্রীবাস ভৌমিক,ব্লকের ভাইস চেয়ারম্যান জিতেন্দ্র দাস,মোহনভোগ এগ্রি সাব-ডিভিশন-এর আধিকারিকগণ।এছাড়াও ছিলেন গ্রানতলী গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান সঞ্জয় দাস,বিশিষ্ট সমাজসেবক উত্তম দাস,এগ্রি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কাজী আব্দুল সালাম সহ অন্যান্যরা।গ্রানতলীতে এই কৃষি অফিস স্থাপনের পেছনে বিশেষ ভূমিকা পালন করেছেন মোহনভোগ আর.ডি ব্লকের ভাইস চেয়ারম্যান জিতেন্দ্র দাস।এতদিন গ্রানতলী পঞ্চায়েতের কৃষকদের সার, কীটনাশক ওষুধ ও কৃষির বিভিন্ন সরঞ্জাম সংগ্রহের জন্য চরম ভোগান্তির শিকার হতে হতো। গোমতী নদী পার হয়ে কখনো বটতলী, আবার কখনো মেলাঘর পর্যন্ত যাতায়াত করতে হতো।আজ নিজেদের হাতের কাছে এই কৃষি উপ-বীজাগারটি চালু হওয়ায় কৃষকরা অত্যন্ত আনন্দিত। এই কার্যালয়টি চালু হওয়ায় সোনামুড়া মহাকুমার গ্রানতলী প্রত্যন্ত এলাকার কৃষকদের উৎপাদন খরচ ও সময়—উভয়ই বাঁচবে বলে আশা করা হচ্ছে।
