কাঁঠালিয়া, নারায়ণ বৈদ্য : কাঁঠালিয়া ব্লক এলাকার অধিকাংশ গ্রামীণ রাস্তার অবস্থা একেবারেই বেহাল। এখনো বর্ষা পুরোপুরিভাবে শুরু হয় নি, তার আগেই রাস্তার এমন অবস্থা। পায়ে হেঁটে যাতায়াত, ছোটখাটো যানবাহন চলাচল কষ্টকর হয়ে উঠেছে। সামান্য বৃষ্টিতেই জল-কাঁদায় একাকার। এই অবস্থা থেকে পরিত্রান পাওয়ার জন্য সংশ্লিষ্ট এলাকার মানুষ স্থানীয় পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে দপ্তরের কাছে বহুবার আবেদন করার পরও কার্যকরী কোন পদক্ষেপ না নেওয়ায় শেষ পর্যন্ত শরণাপন্ন হয় সংবাদকর্মীদের কাছে। কাঁঠালিয়া ব্লকের বাঁশ পুকুর এবং যাত্রাপুর এই দুই পঞ্চায়েতের আওতাধীন সীমান্তবর্তী গ্রামীণ সড়কের অবস্থা একেবারেই বেহাল। বাঁশপুকুর পশ্চিমপাড়া গ্রামীণ সড়কটি অল্প বৃষ্টিতে মরণ ফাঁদে পরিণত হয়ে আছে, বাঁশপুকুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা থেকে যাত্রাপুর পঞ্চায়েত সংলগ্ন জামে মসজিদ পর্যন্ত ভায়া, পশ্চিমপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টার, এখানে গ্রামের কচিকাঁচারা, মাদ্রাসায় যেতে পারছে না।রাস্তার দুইপাশে ব্যাপক জনবসতি, হিন্দু মুসলিমের বসবাস। স্থানীয়দের অভিযোগ যখন নির্বাচন আসে তখন রাজনৈতিক দলের কর্তা ব্যক্তিরা রাস্তা সংস্কারের গালভরা প্রতিশ্রুতি দিয়ে যায়। কিন্তু নির্বাচন শেষ হয়ে গেলে সব ঠুস আর ঠাস। তাই সংবাদ কর্মীর মাধ্যমে সরকারের কাছে স্থানীয়দের আবেদন রাস্তাটি যেন তড়িঘড়ি সংস্কার করা হয়। নতুবা, অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে শুরু করে দুইটি সিনিয়র মাদ্রাসায় পড়ুয়াদের আসা যাওয়া বন্ধ হয়ে যাবে।
