ধর্মনগর প্রতিনিধি : আজ সকাল ১১টায় পানিসাগর মহকুমার অন্তর্গত পদ্মবিল দ্বাদশ মান বিদ্যালয়ে আয়োজিত হয় “জনজাতি গরিমা উৎসব”। “সবসে ডোর, সবসে পেহেলে” এই মূল বার্তাকে সামনে রেখে অনুষ্ঠিত এই উৎসবে বিভিন্ন প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানে পাঁচটি পঞ্চায়েত এলাকার আনুমানিক ১০০০ জন সুবিধাভোগীর হাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র তুলে দেওয়া হয়। এর মধ্যে ছিল পিআরটিসি, ওবিসি, এসসি, এসটি, ইনকাম সার্টিফিকেট সহ অন্যান্য প্রয়োজনীয় সরকারি ডকুমেন্টস। এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল প্রত্যন্ত অঞ্চলের সেইসব মানুষদের সহায়তা করা, যারা নানা কারণে মহকুমা শাসকের দপ্তর বা প্রশাসনিক কার্যালয়ে গিয়ে নিজেদের প্রয়োজনীয় নথিপত্র তৈরি করতে সক্ষম হন না। প্রশাসনের পক্ষ থেকে সরাসরি গ্রামে গিয়ে এই পরিষেবা পৌঁছে দেওয়ায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসাগর মহকুমা শাসক সুশান্ত দেববর্মা, পানিসাগর ব্লক আধিকারিক মানস ভট্টাচার্য, অতিরিক্ত জেলাশাসক বিজয় সিনহা, পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় দাস সহ পাঁচটি পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। অনুষ্ঠানে প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানান স্থানীয় বাসিন্দারা।
