কাঁঠালিয়া, নারায়ণ বৈদ্য : জল নাই-জল চাই। অনেক হয়েছে মিথ্যা প্রতিশ্রুতি,অনেক হয়েছে ভাঁওতাবাজি। আর কোন আশ্বাস, প্রতিশ্রুতি শুনতে চাই না। পানীয় জলের দাবিতে কলসি নিয়ে সড়ক অবরোধ করে এই বার্তাই দিলেন গ্রামের মহিলারা।
ঘটনার বিবরণে জানা গেছে, কাঁঠালিয়া ব্লকের অন্তর্গত দক্ষিণ মহেশপুর পঞ্চায়েত এলাকায় বসবাসকারী একটা বড় অংশের নাগরিক গত বেশকিছুদিন ধরে জল পাচ্ছে না। পানীয় জলের পাইপলাইন ফেটে যাওয়ার জল সরবরাহ একেবারেই বদ্ধ।
বারবার সংশ্লিষ্ট দপ্তর ও জনপ্রতিনিধির কাছে অভিযোগ জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ বাড়তে থাকে সাধারণ মানুষের মধ্যে। বাধ্য হয়ে প্রমীলা বাহিনী বুধবার সকাল সাড়ে আটটার পর থেকে শুরু করে রাস্তা অবরোধ।
এলাকার বহু মহিলা কলসি, বালতি ও জল রাখার বিভিন্ন পাত্র নিয়ে দক্ষিণ মহেশপুর বাইপাস সড়কে অবস্থান নেন। তারা সড়কে বসে বিক্ষোভ দেখাতে শুরু করলে সোনামুড়া-বিলোনিয়া সড়কে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে।
অবরোধের জেরে রাস্তার দু’পাশে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক, অটোসহ অসংখ্য ছোট-বড় যানবাহন আটকে পড়ে। ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং অফিসযাত্রী, ছাত্রছাত্রীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগের মুখে পড়েন।
বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, দক্ষিণ মহেশপুর এলাকায় দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যা লেগেই আছে। মাঝে মাঝে জল এলেও তা নিয়মিত নয়। গরমের মধ্যে পানীয় জল না পেয়ে পরিবার চালানো দায় হয়ে পড়েছে।
অনেকেই দূর-দূরান্ত থেকে জল সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন।আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দেন, অবিলম্বে জল সমস্যা সমাধানে প্রশাসন কার্যকর পদক্ষেপ না নিলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।
পরবর্তীতে প্রশাসনের প্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। আশ্বাসের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এলাকাবাসীর দাবি—শুধু আশ্বাস নয়, স্থায়ী সমাধান চাই।
এই ঘটনায় আবারও সামনে এল গ্রামীণ এলাকায় পানীয় জলের বেহাল চিত্র, যা নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
