কৈলাসহর প্রতিনিধি ।। কৈলাসহর থানা এলাকায় একের পর এক চুরি অব্যাহত থাকলেও পুলিশ নীরব দর্শকের ভুমিকায়। এবার এক টি.এস.আর জওয়ানের বাড়িতে ঢুকে চুরি কান্ড ঘটায় চোরেরা। কৈলাসহর থানার অন্তর্গত উত্তর বিদ্যানগর এলাকার জনজাতি বাসিন্দা শচীন্দ্র দেববর্মার মেয়ে বিউটি দেববর্মার স্বামী একজন টিএসআর জওয়ান বর্তমানে দিল্লিতে কর্মরত রয়েছেন। বাড়িতে বিউটি দেববর্মা দশ বছরের এক ছেলেকে নিয়ে বসবাস করছে দীর্ঘদিন ধরে। বিউটি দেববর্মার বাড়ির পাশেই বাবা শচীন্দ্র দেববর্মার বাড়ি রয়েছে। গতকাল সাত জানুয়ারি বুধবার বাড়ি তালাবন্ধী করে বিউটি দেববর্মা ছেলেকে নিয়ে বাবার বাড়িতে থাকে। আজ বিকেল বেলায় বাড়িতে এসে দেখে বারান্দার গ্রীলের গেইটের তালা ভাঙ্গা এবং মূল ঘরের দরজারও তালা ভাঙ্গা। ঘরের ভিতরের সমস্ত জিনিসপত্র তছনছ করে চোরেরা। ঘরের ভিতরে থাকা গডরেজ, আলমারি, লকার সবগুলো ভাঙ্গা। মেয়ের কাছ থেকে ঘটনার খবর পেয়ে শচীন্দ্র দেববর্মা ঘটনাস্থলে এসে কৈলাসহর থানায় খবর দেয়। ঘটনার ব্যাপারে শচীন্দ্র দেববর্মা জানান, ঘরের সমস্ত জিনিসপত্র তছনছ করলেও প্রাথমিকভাবে দেখা যাচ্ছে, কোনো ধরনের জিনিসপত্র চুরি করে নিয়ে যায় নি চুরেরা। তবে, গডরেজ, আলমারির লকার ভাঙ্গা থাকলেও পুলিশ না আসা অব্দি উনারা লকার চেক করেন নি।পুলিশ আসার পর জানা যায়, লকারে থাকা সমস্ত নগদ টাকা এবং স্বর্নালঙ্কার চুরি করে নিয়ে যায় চুরেরা। অন্যদিকে, কৈলাসহর থানা থেকে তিন কিলোমিটার দূরে উত্তর বিদ্যানগর এলাকাটি অবস্থিত হলেও এই তিন কিলোমিটার দূরে আসতে পুলিশের প্রায় সাড়ে তিন ঘন্টা সময় লেগে যায়। উল্লেখ্য, শচীন্দ্র দেববর্মা হলেন ত্রিপুরা পুলিশের অবসরপ্রাপ্ত সাব ইনস্পেক্টর। উনার ছেলে অরুপ দেববর্মা বর্তমানে ত্রিপুরা রাজ্যের কলমচৌরা থানার বর্তমান ওসি। এহেন পরিবারের বাড়িতে চুরি কান্ড ঘটায় গোটা কৈলাসহরে তীব্র আতংক বিরাজ করছে। সাম্প্রতিক কালে কৈলাসহর থানা এলাকায় প্রকাশ্য দিনের বেলায় এবং রাতের অন্ধকারে ধারাবাহিক ভাবে একের পর এক চুরি কান্ড ঘটলেও আজ অব্দি কৈলাসহর থানার পুলিশের সাফল্য শূন্য। শহরবাসীরা তীব্র আতংকে দিন কাটাচ্ছেন।
