ধর্মনগর প্রতিনিধি, মিলন নাগ : প্রসেনজিৎ সরকার হত্যা মামলায় ফের গুরুত্বপূর্ণ মোড়। মামলার অভিযুক্ত পাঁচজনের জামিন আবেদন আবারও খারিজ করল ধর্মনগর মহকুমা আদালত। শুক্রবার (৯ জানুয়ারি) শুনানি শেষে বিচারক অভিযুক্তদের আগামী ২২ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।উল্লেখ্য, গত ৩ জানুয়ারি আদালত প্রথম দফায় অভিযুক্তদের জামিন আবেদন খারিজ করে তাদের ৯ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে রাখার অনুমতি দিয়েছিল। শুক্রবার পুনরায় আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন জানালে আদালতে উভয় পক্ষের আইনজীবীদের মধ্যে দীর্ঘ সওয়াল-জবাব চলে।শুনানি শেষে আদালত জানায়, মামলাটি এখনও তদন্তাধীন এবং এর গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনায় এই মুহূর্তে অভিযুক্তদের জামিন দেওয়া সম্ভব নয়। ফলে জামিন আবেদন খারিজ করে বিচারক তাদের জেল হেফাজতের মেয়াদ বাড়ানোর নির্দেশ দেন।আদালত সূত্রে জানা গেছে, এই মামলায় অভিযুক্তদের পক্ষ থেকে একাধিকবার জামিনের আবেদন জানানো হলেও প্রতিবারই আদালত তা নাকচ করেছে। নিহত প্রসেনজিৎ সরকারের পক্ষে আইনি লড়াই চালাচ্ছেন বিশিষ্ট আইনজীবী বিশ্বজিৎ দাস ও দেবদাস বক্সী। প্রসিকিউশনের পক্ষ থেকে মামলার নথি ও প্রমাণ উপস্থাপন করে অভিযুক্তদের জামিনের তীব্র বিরোধিতা করা হয়।আদালতের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে নিহত প্রসেনজিৎ সরকারের পরিবার। পরিবারের সদস্যদের বক্তব্য,“এই রায় ন্যায়বিচারের পথে একটি বড় পদক্ষেপ। আমরা আশাবাদী, দ্রুত বিচারের মাধ্যমে সত্য প্রকাশ পাবে এবং দোষীরা উপযুক্ত শাস্তি পাবে।”প্রসেনজিৎ সরকার হত্যা মামলা ঘিরে দীর্ঘদিন ধরেই এলাকায় উত্তেজনা, ক্ষোভ ও প্রতিবাদের আবহ বিরাজ করছে। শুক্রবারের আদালতের নির্দেশকে স্বাগত জানিয়ে পরিবার ও এলাকাবাসী জানান, তারা আদালতের উপর সম্পূর্ণ আস্থা রাখেন এবং বিশ্বাস করেন—এই মামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তি নিশ্চিত হবে।
