ধর্মনগর প্রতিনিধি, মিলন নাগ : দু’দিনের সফরে শনিবার উত্তর ত্রিপুরায় আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. প্রফেসর মানিক সাহা। সফরের দ্বিতীয় দিন রবিবার সকালে তিনি প্রথমে ধর্মনগর মহকুমার চুড়াইবাড়িতে অবস্থিত সেইলটেক্স পরিদর্শন করেন। পরিদর্শনকালে সেখানে একাধিক ঘাটতি ও সমস্যা চোখে পড়ে মুখ্যমন্ত্রীর। বিশেষ করে অতিরিক্ত ওভারলোড গাড়ি চলাচলের বিষয়টি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি উত্তর জেলার জেলাশাসকের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করেন।এরপর মুখ্যমন্ত্রী বাগবাসা বিধানসভা কেন্দ্রের কেরেংজুরি এলাকায় অবস্থিত পাথর কোয়ারি পরিদর্শনে যান। সেখানে গিয়ে পরিবেশ দূষণসহ একাধিক অনিয়ম ও ত্রুটি লক্ষ্য করেন। এই বিষয়েও উত্তর জেলার জেলাশাসকের সঙ্গে বিস্তারিত আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পরিদর্শন পর্ব শেষ করে সদ্য প্রয়াত ত্রিপুরা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের বাড়িতে যান মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং গভীর সমবেদনা জানান।এরপর উত্তর জেলা বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত বিজেপির সাংগঠনিক বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, উত্তর জেলা বিজেপি সভাপতি কাজল দাস সহ উত্তর জেলার ছয়টি মণ্ডলের মণ্ডল সভাপতি ও অন্যান্য বিজেপি নেতৃত্ব।বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, সাংগঠনিক বৈঠকে দলের সংগঠন আরও কীভাবে মজবুত করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, সামনে এডিসি নির্বাচন এবং বিজেপি ২৮টির মধ্যে ২৮টি আসনেই জয়লাভ করবে বলে তিনি আশাবাদী।
