ধর্মনগর প্রতিনিধি, মিলন নাগ ।। রবিবার দুপুরে এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হল লোয়াইরপোয়া এলাকার আসাম ত্রিপুরা সংযোগী আট নম্বর জাতীয় সড়কে।একটি বেপরোয়া ডাম্পার লরি হঠাৎ সজোরে ব্রেক কষলে পেছনে থাকা যাত্রীবাহী অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারের পেছনে ধাক্কা দেয়। ফলে পুরো অটোটি দুমড়ে মুচড়ে যায়।এই দুর্ঘটনায় অটোর ভিতরে থাকা চারজন যাত্রী আহত হন। তাদের নাম বর্ণালী দাস(২২) শান্তনা দাস(৩০) দুই শিশু অর্ণব দাস (১০) ও বুদ্ধ দাস(১০)। দুর্ঘটনাগ্রস্থ ডাম্পারের নম্বর টিআর-০১-এভি-১৭৪৩ আর অটোর নম্বর এস-১০-বিসি-১৮৯৫। প্রত্যক্ষদর্শীর মতে উভয় বাহন চুরাইবাড়ি থেকে পাথারকান্দি অভিমুখে যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে তড়িঘড়ি বাজারিছড়ার মাকুন্দা হাসপাতালে ভর্তি করা হয়।এদের প্রত্যেকের বাড়ি লোয়াইরপোয়া জিপির কড়িখাই গ্রামে বলে জানা গেছে।তবে বর্ণালী দাস ও অর্ণব দাসের অবস্থা সংকটজনক থাকায় তাদের শিলচর মেডিকেল কলেজ কাম হাসপাতালে রেফার করা হয়।পরে শান্তনা দাস ও বুদ্ধ দাসকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় বলে খবর পাওয়া গেছে।এদিকে দুর্ঘটনার পর স্থানীয় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ডাম্পার গাড়ির বেপরোয়া চলাচলের জেরে ক্ষোভ দেখা দেয় স্থানীয়দের মধ্যে।এমনকি ক্ষোভিত জনগণ কিছু সময় জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদে সোচ্চার হন।এদিকে দুর্ঘটনার খবর পেয়ে বাজারিছড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাধারণ জনগণের সাথে কথা বললে শেষে অবরোধ তুলে নেওয়া হয়। পরে দুর্ঘটনাগ্রস্থ দুটি বাহন উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।এদিকে ডাম্পারের চালক বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে, তবে অটো চালকের কোন সন্ধান পায়নি পুলিশ বলে জানা গেছে।
