আগরতলা প্রতিনিধি ।। ত্রিপুরা সরকার চলতি বছর খারিফ মরসুমে কৃষকদের কাছ থেকে নূন্যতম সহায়ক মূল্যে ১৮৮ হাজার মেট্রিক টন ধান ক্রয় করার লক্ষ্যমাত্রা নিয়েছে। প্রতি কেজি ধান ২৩ টাকা ৬৯ পয়সা দরে ক্রয় করা হবে। আগামী ২৮ জানুয়ারী ২০২৬ তারিখে ধর্মনগরে রাজ্য স্তরিয় ধান ক্রয় করার প্রক্রিয়া শুরু হবে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী এমনটাই জানিয়েছেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথও। খাদ্যমন্ত্রী আরও জানান, খারিফ মরশুমে কৃষকদের কাছ থেকে সহায়কমূল্যে ধানক্রয় করার বিষয়ে খাদ্য দপ্তর এবং কৃষিদপ্তর, মহাকুমা শাসক, বিডিও সহ বিভিন্ন স্তরের আধিকারিকদের সাথে ইতিমধ্যেই বৈঠক হয়েছে। ২০১৮ সালে রাজ্যে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রতিবছরে রবি এবং খারিফ মরসুমে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হচ্ছে। এখন পর্যন্ত কৃষকদের কাছ থেকে ২লক্ষ ৪৪ হাজার ৩০৩ মেট্রিকটন ধান ক্রয় করা হয়েছে। তাতে রাজ্য সরকারের ব্যয় হয়েছে ৪৮৯ কোটি ৭১ লক্ষ টাকা। এর ফলে উপকৃত হয়েছেন রাজ্যের ১ লক্ষ ২৫ হাজার ৪৫৪ জন কৃষক। ধান ক্রয় করার জন্য নতুন পলিসি আনা হয়েছে। নতুন পলিসি অনুসারে ধান ক্রয় করার প্রক্রিয়া সম্পন্ন হবে।সাংবাদিক সম্মেলনে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ জানান, কৃষকদের আয় দ্বিগুন এবং তাদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য প্রদানের পাশাপাশি রাজ্যে উৎপাদিত সামগ্রীর পরিমান বৃদ্ধি করাই রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। কোন রাজ্যের জি এস ডি পি সেই রাজ্যের সার্বিক উৎপাদনশীলতার উপর নির্ভরশীল। পূর্বের তুলনায় রাজ্যে ধান উৎপাদন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
