মিলন নাগ, ধর্মনগর ।। পাচারের মুখে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাফ বাজেয়াপ্ত হল আসামের পাথারকান্দি থানাধীন চেরাগিতে। প্রায় চার কোটি টাকা মূল্যের নিষিদ্ধ কফ সিরাফ বাজেয়াপ্ত হয় বলে সুত্রের খবর।সেই সঙ্গে এতে জড়িত সন্দেহে দুই সরবরাহকারীকে আটক করা হয়।প্রাপ্ত তথ্য মতে জানা গেছে,রবিবার গুয়াহাটি থেকে বর্হিরাজ্যে এই নেশাজাতীয় কফ সিরাফ সরবরাহ করা হচ্ছিল।এমন খবরের ভিত্তিত্বে বিএসএফের গোয়েন্দা বিভাগের কর্মীরা রবিবার বিকালে শিলচর সেক্টরের অধীন ১৭১ নং বিএসএফ বাহিনী সহ পাথারকান্দি পুলিশের একটি বিশেষ দল পাথারকান্দি থানাধীন চেরাগী অঞ্চলে একটি চৌদ্দ চাকার লরি আটক করে।পরে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হন পাথারকান্দি সমজেলা অতিরিক্ত পুলিশ আধিকারিক অনিৰ্বাণ শৰ্মা সহ থানার ওসি মানবজ্যোতি বড়ো সহ বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকরা।তল্লাশি করে প্ৰায় ৪০০ বস্তা আলুর বস্তার ভেতর থেকে ১৫০ টি কাৰ্টুনে প্ৰায় ৩০,০০০ বোতল নিষিদ্ধ কফ সিরাফ উদ্ধার করে।সিরাপগুলোর বর্তমান বাজার মূল্য প্ৰায় ৪ কোটি টাকা বলে পুলিশ জানিয়েছে।এদিকে এই ঘটনার সঙ্গে জড়িত হোজাইর ট্রাক চালক মহন্ত সিংহ ও বিহারের সহ-চালক বলু কুমারকে আটক করেছে।সঙ্গে সরবরাহ কাণ্ডে ব্যবহৃত ১৪ চাকার লরিটিও বাজেয়াপ্ত করে পুলিশ।অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।
