কৈলাশহর প্রতিনিধি ।। দীর্ঘ ১০ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল, ৩১ শে জানুয়ারি থেকে কৈলাশহর রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী ‘জেনারেল পদ্মজং মেমোরিয়াল আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট’। রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিংকু রায়ের বলিষ্ঠ উদ্যোগে ও ব্যক্তিগত তদারকিতে এই টুর্নামেন্টের পুনর্জাগরণ কৈলাশহর তথা সারা রাজ্যের ফুটবল প্রেমীদের মধ্যে এক অনন্য উন্মাদনা সৃষ্টি করেছে।কৈলাশহরের পাশাপাশি গোটা রাজ্য বাসীর কাছে ‘জেনারেল পদ্মজং আমন্ত্রন মূলক ফুটবল টুর্নামেন্ট’ মানেই এক আবেগ। নানান প্রতিকূলতার কারণে গত দশ বছর ধরে এই টুর্নামেন্ট বন্ধ ছিল। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের দীর্ঘদিনের দাবিকে সম্মান জানিয়ে ত্রিপুরার যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী তথা চন্ডীপুর বিধানসভার বিধায়ক টিংকু রায় এই টুর্নামেন্টে পুনরায় শুরু করার চ্যালেঞ্জ গ্রহণ করেন। তাঁর সুযোগ্য নেতৃত্বে ও নির্দেশনায় এই বৃহৎ আয়োজন আজ বাস্তবে রূপ নিয়েছে। মন্ত্রী ভিডিও বার্তায় জানিয়েছেন, কৈলাশহরের ফুটবল ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরতে এবং স্থানীয় প্রতিভা অন্বেষণে এই টুর্নামেন্ট মাইলফলক হয়ে থাকবে।গত কয়েকদিন ধরে রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে ফুটবল যুদ্ধের প্রস্তুতি চলছে। মাঠ সংস্কার থেকে শুরু করে গ্যালারি সংস্কার—সবই প্রায় শেষ পর্যায়ে। আজ ঊনকোটি জেলার জেলা শাসক ডঃ তমাল মজুমদার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে মাঠ পরিদর্শন করেন। সিসিটিভি ক্যামেরা স্থাপন, পুলিশি নিরাপত্তা এবং দর্শকদের যাতায়াতের সুব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। জেলা শাসক জানান, প্রশাসনিকভাবে এই টুর্নামেন্ট সফল করতে কোনো খামতি রাখা হয়নি।কৈলাশহর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণ সাহা জানিয়েছেন, উদ্বোধনী দিনটি হবে স্মরণীয়। মাঠ মাতাতে আসছেন ইন্ডিয়ান আইডল খ্যাত গায়িকা মানসী ঘোষ। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকবে অত্যাধুনিক লেজার শো। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও বিদেশের (নাইজেরিয়া) খেলোয়ার সম্বলিত পশ্চিম বাংলা মহিলা ফুটবল দল বনাম ত্রিপুরা মহিলা ফুটবল দল। কালকের এই মেগা ইভেন্ট দর্শকরা সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করতে পারবে। তবে আগামী ১লা ফেব্রুয়ারি থেকে খেলার মূল পর্বে প্রবেশ পত্র সংগ্রহ করতে হবে।
