ধর্মনগর, মিলন নাগ : শুক্রবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চার ঘণ্টাব্যাপী “মনরেগা বাঁচাও” কর্মসূচির অঙ্গ হিসেবে গণ অবস্থান কর্মসূচি পালন করল ৫৬ ধর্মনগর ব্লক কংগ্রেস। চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।তাতে উপস্থিত থেকে রাজ্য কংগ্রেসের সম্পাদক চয়ন ভট্টাচার্য জানান, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (AICC) সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার সারা রাজ্য জুড়ে জাতীয় কংগ্রেস চার ঘণ্টার গণ অবস্থান কর্মসূচি পালন করছে। তারই অঙ্গ হিসেবে ধর্মনগরে এই “মনরেগা বাঁচাও” কর্মসূচি অনুষ্ঠিত হয়।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৫৬ ধর্মনগর ব্লক কংগ্রেসের সভাপতি সুবল গোস্বামী, প্রাক্তন ব্লক সভাপতি পরিমল চক্রবর্তী, রাজ্য কংগ্রেসের সদস্য কেবল কান্তি নন্দী, উত্তর জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী মানসী মালাকার সহ জেলা ও মহকুমা স্তরের একাধিক কংগ্রেস নেতৃত্ব। গণ অবস্থানে বক্তব্য রাখতে গিয়ে চয়ন ভট্টাচার্য বলেন, ২০০৬ সালে দেশের প্রয়াত প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে মহাত্মা গান্ধী গ্রামীণ নিশ্চয়তা কর্মসূচি (এমজিএনরেগা) চালু করেছিলেন। এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ মানুষ স্বনির্ভর হওয়ার পাশাপাশি স্থায়ী সম্পদ সৃষ্টির সুযোগ পেয়েছিল। সেই সময় লোকসভায় বিরোধী দলে থাকা বিজেপি এই প্রকল্পের বিরোধিতা করলেও সংখ্যাগরিষ্ঠতার জোরে তৎকালীন কংগ্রেস সরকার গ্রামীণ অর্থনীতির স্বার্থে এই ঐতিহাসিক প্রকল্প বাস্তবায়ন করেছিল।কিন্তু বর্তমান বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার মনরেগা কার্যত বন্ধ করেছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে দাবি করেন তিনি।
