বিলোনীয়া প্রতিনিধি ।। সর্বক্ষেত্রে ত্রিপুরা এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ক্ষেত্রে ত্রিপুরা ইতিমধ্যেই দেশের মধ্যে এক বিশেষ স্থানে পৌঁছে গেছে। শনিবার দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনীয়া বিদ্যাপীঠ মাঠে রাজ্যের বিভিন্ন প্রান্তে অনেকগুলি উন্নয়ন প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন ও শিলান্যাস করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা একথা বলেন। প্রথমে বিলোনীয়া মহকুমার রাজনগর এলাকায় নিহারনগর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের নবনির্মিত পাকা ভবনের দ্বারোদঘাটন করেন মুখ্যমন্ত্রী। ৬ কোটি ১২ লক্ষ টাকা ব্যয়ে এই বিদ্যালয়ের পাকা ভবন নির্মাণ করা হয়েছে। এরপর মুখ্যমন্ত্রী ঘোষখামার দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের নবনির্মিত পাকা ভবনের দ্বারোদঘাটন করেন। ১ কোটি ৮ লক্ষ টাকা ব্যয়ে বিদ্যালয়ের পাকা ভবন নির্মাণ করা হয়েছে। এরপর মুখ্যমন্ত্রী বিলোনীয়া ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের দ্বারোদঘাটন করেন ভার্চুয়ালি। এই বিদ্যালয়ের নবনির্মিত পাকা ভবন তৈরি করা হয়েছে ৪ কোটি ৩ লক্ষ টাকা বায় করে।ঘোষখামার দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের প্রত্যেকটি উন্নয়ন প্রকল্পের সুবিধা যাতে প্রান্তিক মানুষের কাছে পৌঁছায় সে দিশায় কাজ করছে সরকার। রাজনগর এলাকায় প্রায় ৮০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পে রাস্তাঘাট, পানীয়জল, বিদ্যুৎ, শিক্ষা ইত্যাদির উন্নয়নে ব্যয় করা হচ্ছে। উন্নয়নের নিরিখে ত্রিপুরা ৩৪৭টি পুরস্কার পেয়েছে। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নতুন নতুন বিদ্যালয় স্থাপন, স্মার্ট ক্লাস, ডিজিটাল লাইব্রেরি নির্মাণ, ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড প্রদান সবই করা হচ্ছে। নয়া শিক্ষানীতির দিশায় এসসিইআরটি কোর্স চালু করা হয়েছে। ছাত্র ও শিক্ষকদের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলে গুণগত শিক্ষা প্রদান করার উপর গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী। এদিন বিলোনীয়া ইন্ডোর ক্রিকেট অনুশীলন শেডের ও উদ্বোধন করেন তিনি। একই সঙ্গে ভার্চুয়ালি জিরানীয়া ও কৈলাসহর ইন্ডোর ক্রিকেট অনুশীলন কেন্দ্রের উদ্বোধন করেন। বিলোনীয়া বিদ্যাপীঠ মাঠে দক্ষিণ ত্রিপুরা জেলাভিত্তিক নেশামুক্ত প্রিমিয়ার ফুটবল লিগের ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন। সাতচাঁদ ও ঋষ্যমুখ একাদশ ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে। মুখ্যমন্ত্রী এর আগে বিলোনীয়ার বনকরে বিদ্যাসাগর মাছ ও সবজি বাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২১ কোটি ৪ লক্ষ ১২ হাজার টাকা ব্যয়ে এই মার্কেট তৈরি হবে।
