আগরতলা প্রতিনিধি ।। রাজ্যের বর্তমান সরকার শিক্ষাকে উন্নয়নের মূল স্তন্ত হিসেবে গড়ে তোলে ত্রিপুরাকে একটি এডুকেশন হাব হিসেবে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আগরতলার নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের প্লাটিনাম জুবিলির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা একথা বলেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, শিক্ষাকে রাজ্যের উন্নয়নের প্রধান ভিত্তি হিসেবে বিবেচনা করে বর্তমান রাজ্য সরকার পরিকল্পিত ও সুসংহতভাবে কাজ করে চলছে। এরফলেই ত্রিপুরা আজ দেশের তৃতীয় পূর্ণ সাক্ষর রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। ত্রিপুরার সাক্ষরতার হার বর্তমানে ১৫.৬ শতাংশ। যা একটি ঐতিহাসিক অর্জন। তিনি বলেন, রাজ্যের বর্তমান সরকার শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের কেবল পুঁথিগত জ্ঞানে নয়, বরং মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা, আধুনিক প্রযুক্তি, দায়িত্ববোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে গড়ে তুলছে। নেতাজি স্কুলের প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, এই বিদ্যালয়ের একটি আলাদা গড়িমা রয়েছে। এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং ছাত্রছাত্রীদের চরিত্র গঠন, শৃঙ্খলাবোধ, দেশপ্রেম এবং গুণগত শিক্ষার বিকাশে এক অন্যতম পীঠস্থান। এই বিদ্যালয় রাজ্যের অন্যতম পুরোনো ও মর্যাদাপূর্ণ বিদ্যাপীঠ হিসেবে শিক্ষার পাশাপাশি সমাজ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আজ সারা দেশে এবং বিশ্বে সফলতার পরিচয় বহন করছে। আজকের দিনে এই বিদ্যালয় প্রতিষ্ঠায় যাদের অবদান রয়েছে তাদেরকেও স্মরণ করার দিন। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার কোনও শেষ নেই। এটি একটি জীবনব্যাপী যাত্রা। যা আমাদেরকে বিকশিত করে। শিক্ষা হলো সেই সেতু যা অজ্ঞতাকে জ্ঞানের সাথে, অন্ধকারকে আলোর সাথে যুক্ত করে। স্বামী বিবেকানন্দের উদ্ধৃতি উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, মানুষের অন্তর্নিহিত পূর্ণতার বিকাশ সাধনই হচ্ছে শিক্ষা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বারবার বলে এসেছেন শিক্ষা কেবলমাত্র পাঠ্যবইভিত্তিক জ্ঞান নয় বরং এটি মূল্যবোধ, বিকাশ ও জাতি গঠনের হাতিয়ার।
