আগরতলা প্রতিনিধি ।। বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে বুধবার সকালে আগরতলায় এক উদ্দীপনাময় ওয়াকাথনের আয়োজন করল আইএলএস হাসপাতাল, আগরতলা। ইন্টারন্যাশনাল অনকোলজি ক্যান্সার ইনস্টিটিউট এর সহযোগিতায় আয়োজিত এই পদযাত্রার মূল লক্ষ্য ছিল—ক্যান্সার প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসার গুরুত্ব তুলে ধরা।বুধবার সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গেই শহরের রাস্তায় নেমে পড়েন প্রায় ২৪০ জন অংশগ্রহণকারী। ছাত্রছাত্রী, চিকিৎসক, নার্সিং কর্মী থেকে শুরু করে সশস্ত্র বাহিনীর সদস্যদের উপস্থিতিতে এই ওয়াকাথন হয়ে ওঠে এক অনন্য সামাজিক ঐক্যের প্রতীক। ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্সেস, আইএলএস হাসপাতাল, আইএলএস নার্সিং ইনস্টিটিউট ও আইসিএফএআই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের পাশাপাশি অংশ নেন ৩৫ অসম রাইফেলস, বিএসএফ আগরতলা ও সিআরপিএফ-এর জওয়ানরাও।সকাল ৭টায় রবীন্দ্র ভবন গেট থেকে পতাকা নেড়ে যাত্রার সূচনা হয়। এরপর আরএমএস, পোস্ট অফিস চৌমুহনী ও সূর্য চৌমুহনী হয়ে আবার রবীন্দ্র ভবনে ফিরে আসে এই পদযাত্রা। গোটা পথজুড়ে ধ্বনিত হয় সচেতনতার বার্তা—ক্যান্সার সম্পর্কে ভয় নয়, চাই জ্ঞান ও সময়মতো চিকিৎসা।পদযাত্রার অগ্রভাগে ছিলেন আইএলএস হাসপাতাল আগরতলার চিফ অপারেটিং অফিসার ডা. গৌতম হাজারিকা, বিজনেস হেড মনোজ কুমার দেবনাথ, অপারেশনস হেড তনুজ সাহা, আইওসিআই আগরতলার ইউনিট হেড ডা. গৌতম মজুমদার, মেডিক্যাল অনকোলজিস্ট ডা. দেবলীনা গঙ্গোপাধ্যায়, রেডিয়েশন অনকোলজিস্ট ডা. দেবাঞ্জন চক্রবর্তী, ৩৫ অসম রাইফেলস-এর মেডিক্যাল অফিসার ডা. প্রীতম দাস সহ আইএলএস-এর একাধিক সিনিয়র চিকিৎসক ও আধিকারিক।সমাবেশে বক্তারা একবাক্যে জানান, ক্যান্সার হলে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই—প্রাথমিক স্তরে শনাক্ত করা গেলে অধিকাংশ ক্ষেত্রেই এই রোগ নিরাময়যোগ্য। সুস্থ জীবনযাপন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সময়মতো চিকিৎসার ওপর জোর দেন তাঁরা।অনুষ্ঠানের শেষে আকাশে উড়িয়ে দেওয়া হয় বেলুন—আশা, ঐক্য এবং ক্যান্সারের বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের প্রতীক হিসেবে।ত্রিপুরাবাসীর দোরগোড়ায় আধুনিক ও বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা পৌঁছে দিতে আইএলএস হাসপাতাল আগরতলা ও আইওসিআই একযোগে কাজ করে চলেছে। পূর্ণকালীন মেডিক্যাল ও রেডিয়েশন অনকোলজিস্ট, পিইটি-সিটি স্ক্যান, অত্যাধুনিক লিন্যাক রেডিয়েশন থেরাপি এবং সার্জিক্যাল অনকোলজি পরিষেবার মাধ্যমে ‘এক ছাদের তলায়’ সম্পূর্ণ ক্যান্সার চিকিৎসা পরিষেবা প্রদান করছে এই কেন্দ্র।সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই দেওয়া হচ্ছে পরিষেবা।
