ধর্মনগর, মিলন নাগ : আসামের শ্রীভূমি জেলা কারাগারে পুলিশের এক আচমকা অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ও আপত্তিকর সামগ্রী উদ্ধার হয়েছে। অভিযান চলাকালীন কারাগারের বিভিন্ন ওয়ার্ড থেকে মোট ২৯ টি মোবাইল হ্যান্ড সেট সহ একাধিক নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করা হয়।জেলা সিনিয়র পুলিশ সুপার লীনা দলের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে কারাগারের নিরাপত্তা ব্যবস্থার গুরুতর ত্রুটি সামনে আসে।পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই কারাগারের ভেতরে অবৈধভাবে মোবাইল ব্যবহার, জুয়া খেলা সহ নেশা সামগ্রী ব্যবহারের অভিযোগ আসছিল। এই খবরের ভিত্তিতেই সোমবার রাতে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের পর উদ্ধার হওয়া সামগ্রীগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। কীভাবে এই মোবাইল ফোনগুলি কারাগারের ভেতরে প্রবেশ করল,তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।প্রয়োজনে কারাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের ভূমিকা নিয়েও তদন্ত করা হবে বলে জানানো হয়েছে।পুলিশ সুপার লীনা দল জানান,কারাগারের নিরাপত্তা নিয়ে কোনও রকম আপস করা হবে না।দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এই ঘটনার পর জেলা কারাগারের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।এ ব্যাপারে সবিস্তর জানান এএসপি মানসপ্রতিম চৌধূরী।
