তেলিয়ামুড়া প্রতিনিধি: তেলিয়ামুড়া থানা এলাকার বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিনই চুরির ঘটনা ঘটে চলেছে। বিশেষ করে দোকান ও বাড়িঘর থেকে গ্যাস সিলিন্ডার চুরির ঘটনা সম্প্রতি উদ্বেগজনক রূপ নিয়েছিল। লাগাতার অভিযোগ ও লিপিবদ্ধ মামলাগুলোর ভিত্তিতে তদন্তে নামে তেলিয়ামুড়া থানার পুলিশ।তদন্তের সূত্র ধরে গামাইবাড়ি এলাকার দুই যুবক চিরঞ্জিত দে ও পঙ্কজ সরকারকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা গ্যাস সিলিন্ডার চুরি সহ একাধিক চুরিকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে বলে পুলিশ সূত্রে জানা গেছে।তাদের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ তেলিয়ামুড়া পুর পরিষদের ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে বেশ কয়েকটি চুরি যাওয়া গ্যাস সিলিন্ডার উদ্ধার করতে সক্ষম হয়। ওসি জয়ন্ত কুমার দে জানান, একটি বড় চোরচক্র বা র্যাকেট কাজ করছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এই র্যাকেটের সঙ্গে যুক্ত আরও ব্যক্তিদের চিহ্নিত ও গ্রেপ্তারের জন্য পুলিশি তদন্ত জারি রয়েছে।এদিকে পুলিশের এই সাফল্যে এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। সাধারণ মানুষ আশা প্রকাশ করেছেন, দ্রুত এই চোরচক্রের সম্পূর্ণ পর্দাফাঁস হলে তেলিয়ামুড়া এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে।
