তেলিয়ামুড়া, প্রতিনিধি : শনিবার আসাম–আগরতলা জাতীয় সড়কের ৪১ মাইল নাকা এলাকায় নিয়মিত চেকিং চলাকালীন এবং গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে একটি বিলাসবহুল ‘থার’ গাড়ি (নম্বরবিহীন) আটক করে পুলিশ। এরপর গাড়িটিতে তল্লাশি চালানো হয়।তল্লাশির সময় গাড়ির ভেতর থেকে সাতটি সাবানের কেসে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা ব্রাউন সুগার উদ্ধার করা হয়। পাশাপাশি কিছু পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপও উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। এই ঘটনায় গাড়িতে থাকা তিনজনকে আটক করা হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক রোহন কিসান, আইপিএস এবং ডি.সি.এম সন্দ্বীপ দেববর্মা। অভিযানের পুরো বিষয়টি সরেজমিনে পরিদর্শন করেন তাঁরা।মহকুমা পুলিশ আধিকারিক রোহন কিসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে মেঘালয় থেকে এই নেশা সামগ্রী ত্রিপুরায় নিয়ে আসা হচ্ছিল। এর সঙ্গে একটি বৃহত্তর নেশা পাচার চক্র জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত সকল দিক খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এই মামলার সঠিক তদন্ত চালানো হবে।
