খোয়াই,প্রীতম তাঁতি : রাজ্য সরকারের কোষাগার খালী বেতন পাচ্ছেন না শিক্ষক শিক্ষিকারা। বেতনের দাবিতে খোয়াই জেলা শিক্ষা উপ আধিকারিকের নিকট ডেপুটেশন প্রধান করল সমগ্র শিক্ষার আওতাধীন খোয়াই বিভাগের শিক্ষিকরা। বিগত তিন মাস যাবত সঠিক সময়ে বেতন পাচ্ছেন না সমগ্র শিক্ষা প্রকল্পের আওতাধীন শিক্ষক শিক্ষিকারা। চলতি মাসের ৬ তারিখ অতিক্রান্ত হলেও এখন মেলেনি বেতন, সেই দাবী নিয়ে শুক্রবার খোয়াই জেলা শিক্ষা দপ্তরের উপ আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করা হল। তবে নিশ্চিত কোন প্রতিশ্রুতি না পেয়ে ভারাক্রান্ত হৃদয়ে ফিরতে হল শিক্ষক শিক্ষিকাদের। খোয়াই জেলা শিক্ষা উপ আধিকারিক পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন এটা শুধু খোয়াই জেলার সমস্যা এমনটা নয় রাজ্যের প্রতিটি জেলাতেই রয়েছে এই সমস্যা। রাজ্যের কোন জেলাতেই সঠিক ভাবে অর্থ সরবরাহ করছে না দপ্তর। ফলে জেলা গুলোকে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অন্যদিকে সাংবাদিকদের এক সাক্ষাৎকারে সমগ্র শিক্ষার এক শিক্ষক জানিয়েছেন খোয়াই জেলাতে মোট চারশত শিক্ষক শিক্ষিকা রয়েছে এই প্রকল্পের আওতায় এবং দশ হাজার তিনশ তেইশ শিক্ষক শিক্ষিকাদের চাকুরী যাবার পর অধিকাংশ বিদ্যালয়গুলি সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকাদের উপর নির্ভর করে চলছে।কিন্তু তারাই সঠিক ভাবে মাসিক বেতন না পেয়ে বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েন। এখানেই শেষ নয়। বিভিন্ন বিদ্যালয়ে ইনচার্জ এর দায়িত্বে থাকা শিক্ষক শিক্ষিকারাও মাসিক এক হাজার টাকা অতিরিক্ত ভাতা থেকে বঞ্চিত বলে অভিযোগ।
