তেলিয়ামুড়া প্রতিনিধি : তেলিয়ামুড়া মহকুমার বনাঞ্চল ঘেঁষা এলাকায় ফের বন্য দাঁতাল হাতির তাণ্ডব লক্ষ্য করা গেল। চাকমাঘাট বনাঞ্চলের অন্তর্গত চামপ্লাই এলাকায় গরু চরাতে গিয়ে হাতির দলের মুখোমুখি হয়ে গুরুতর আহত হলেন স্থানীয় বাসিন্দা ধনঞ্জয় বিশ্বাস (৬০)।দুপুরে জঙ্গলের ভিতরে গরু চরাতে গিয়েছিলেন ধনঞ্জয়। সেই সময় আচমকাই একটি দাঁতাল হাতির দল তাঁর দিকে তেড়ে আসে। প্রাণ বাঁচাতে তিনি পাশের জঙ্গলের একটি খাঁদে ঝাঁপ দেন। ফলে শরীরের একাধিক অংশে গুরুতর আঘাত পান। ঘটনার পর দীর্ঘ সময় ধরে নিখোঁজ ছিলেন ধনঞ্জয়। পরিবারের সদস্য ও এলাকাবাসীরা ব্যাপক খোঁজাখুঁজির পর তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন। তড়িঘড়ি তাঁকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।প্রসঙ্গত উল্লেখ্য তেলিয়ামুড়া মহকুমা ও সংলগ্ন বনাঞ্চলে বন্য দাঁতাল হাতির উপদ্রব নতুন নয়। বিগত কয়েক বছর ধরেই হাতির দল বারবার লোকালয়ে ঢুকে পড়ছে। ফসলের ক্ষয়ক্ষতির পাশাপাশি হাতির আক্রমণে একাধিক মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে বলে অভিযোগ।এলাকাবাসীর ক্ষোভ, বারবার এমন ঘটনা ঘটলেও বনদপ্তর ও প্রশাসনের তরফে স্থায়ী ও কার্যকর কোনও পদক্ষেপ চোখে পড়ছে না। তাঁদের দাবি, হাতির গতিপথ চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে।চামপ্লাইয়ের সাম্প্রতিক এই ঘটনা আবারও স্পষ্ট করে দিল—বন্য দাঁতাল হাতির আতঙ্ক এখন সাধারণ মানুষের জীবনের জন্য গুরুতর হুমকিতে পরিণত হয়েছে। প্রশাসনের জরুরি ও সুসংহত হস্তক্ষেপ ছাড়া এই সংকট থেকে রেহাই মিলবে না বলেই মত সচেতন মহলের।
