চুড়াইবাড়ি প্রতিনিধি :- কদমতলা–কুর্তি বিধানসভার অন্তর্গত সরসপুর গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ড এলাকায় পানীয় জলের চরম সংকটের প্রতিবাদে মঙ্গলবার সকালে পথ অবরোধে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। সকাল আনুমানিক সাড়ে আটটা নাগাদ কদমতলা থেকে সরলা যাওয়ার প্রধান সড়কের উপর এই অবরোধ শুরু হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় সরকারি জল সরবরাহের দায়িত্বে রয়েছেন পাম্প অপারেটর সুবোধ নাথ। তবে অভিযোগ, তাঁর অনুপস্থিতিতে তাঁর পিতা সুনীল নাথ নিজ ইচ্ছামতো জল পাম্প পরিচালনা করায় নিয়মিত জল সরবরাহ দীর্ঘদিন ধরেই ব্যাহত হচ্ছিল। এর ফলস্বরূপ, গ্রীষ্মের শুরুতেই তীব্র পানীয় জলের সংকটে পড়েছেন এলাকার সাধারণ মানুষ। শিশু, মহিলা ও বয়স্কদের নিয়ে চরম দুর্ভোগে দিন কাটাতে হচ্ছে এলাকাবাসীর।দীর্ঘদিন ধরে প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েও কোনও স্থায়ী সমাধান না মেলায় বাধ্য হয়েই সোমবার সকালে রাস্তায় নেমে আসেন গ্রামবাসীরা। পানীয় জলের নিয়মিত ও স্থায়ী ব্যবস্থার দাবিতে শুরু হয় পথ অবরোধ। অবরোধের জেরে কদমতলা–সরলা প্রধান সড়কে যান চলাচল সম্পূর্ণরূপে ব্যাহত হয়, সৃষ্টি হয় তীব্র যানজট।খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় কদমতলা থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে অবরোধকারীদের জানানো হয়, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হবে। পাশাপাশি অবরোধ প্রত্যাহার না করলে আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলেও সতর্ক করা হয়।যদিও দ্রুত কোনও স্থায়ী সমাধানের স্পষ্ট আশ্বাস না মিললেও পুলিশের অনুরোধ ও চাপের মুখে অবশেষে দুপুর আনুমানিক বারোটা নাগাদ অবরোধ প্রত্যাহার করতে বাধ্য হন আন্দোলনকারীরা।এলাকাবাসীদের স্পষ্ট দাবি, অবিলম্বে পানীয় জলের স্থায়ী ও নিয়মিত ব্যবস্থা গ্রহণ না করা হলে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। প্রশাসনের তরফে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।
