ধর্মনগর, মিলন নাগ : উত্তর জেলায় সড়ক নিরাপত্তা জোরদার করতে সব থানা এলাকায় যানবাহন চেকিংয়ের ওপর বিশেষ অভিযান শুরু করেছে জেলা পুলিশ। এরই অংশ হিসেবে শুক্রবার ধর্মনগর রেলগেট এলাকায় জেলা পুলিশ সুপার অভিনাশ রাই-এর নেতৃত্বে ব্যাপক চেকিং অভিযান চালানো হয়।পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে অসচেতনতা ও ট্রাফিক বিধি লঙ্ঘনের কারণে সড়ক দুর্ঘটনা বেড়েছে। এই প্রেক্ষিতে দ্রুতগতির যান চলাচল নিয়ন্ত্রণ এবং হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। অভিযানের সময় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে একাধিক চালকের বিরুদ্ধে জরিমানা করা হয়।জেলা পুলিশ সুপার অভিনাশ রাই জানান, সড়কে চলাচলের সময় সকলকেই নির্ধারিত গতিসীমা মেনে চলতে হবে এবং মোটরসাইকেল চালানোর সময় হেলমেট পরিধান বাধ্যতামূলক। তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।এদিনের অভিযানে উপস্থিত ছিলেন মিনা দেববর্মা, অফিসার-ইন-চার্জ, ধর্মনগর থানা-সহ অন্যান্য পুলিশ আধিকারিক এবং টিএসআর বাহিনী-র সদস্যরা।পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকল যানচালককে ট্রাফিক বিধি মেনে সচেতনভাবে গাড়ি চালানোর আহ্বান জানানো হয়েছে।
