উদয়পুর, বিপ্লব দে ।। সম্প্রতি আগরতলায় শুরু হয়েছে আগরতলা পুর নিগমের তরফে হকার উচ্ছেদ অভিযান। ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে দেখা গেছে মেয়র দীপক মজুমদারকে। শহরের অনেক জায়গায় বুলডোজার চালিয়ে ফুটপাত দখলমুক্ত করার ভিডিও ফুটেজ এখনো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। এবার একই পথে হাঁটতে চলেছে উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার । বৃহস্পতিবার দুপুর বারোটায় এক সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, আগামী ১৭ তারিখের পর শুরু হচ্ছে উদয়পুরে ফুটপাত দখলমুক্ত অভিযান। এই অভিযানে পুর পরিষদ কঠোর ব্যবস্থা নিতে চলেছে। তিনি জানান, লেইক সিটি শপিং কমপ্লেক্সের ভেতর অবৈধভাবে মাছের বক্স রাখা হয়েছে এগুলি সম্পূর্ণরূপে পরিষ্কার করে জায়গাটি উন্মুক্ত করা হবে।যেসমস্ত জায়গা অবৈধভাবে দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছে কিছু মানুষ সেগুলি দখলমুক্ত করতে যা যা করনীয় সব করা হবে বলে স্পষ্ট জানালেন চেয়ারম্যান।এদিন শহরের ট্রাফিক ব্যবস্থা নিয়েও ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন উদয়পুর পৌর চেয়ারম্যান।
