ধর্মনগর প্রতিনিধি, মিলন নাগঃ ৫৬ নম্বর ধর্মনগর বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে পৌঁছেছে ভারতীয় নির্বাচন কমিশনের তিন সদস্যের একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার উত্তর ত্রিপুরা জেলা সদর ধর্মনগরে এসে তারা প্রশাসনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে অংশ নেন।জানা গেছে, প্রতিনিধিদলে রয়েছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার প্রিন্সিপাল সেক্রেটারি এন.টি. ভুটিয়া, সেক্রেটারি সন্তোষ কুমার ডুবে এবং সেকশন অফিসার বিজয় গুপ্ত। তারা ধর্মনগরের জেলা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত রিভিউ বৈঠকে উপস্থিত থেকে উপনির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার জেলা শাসক চাঁদনী চন্দ্রন, ধর্মনগর মহকুমার মহকুমা শাসক দেবযানী চৌধুরী, পুলিশ সুপার অবিনাশ রাই সহ প্রশাসনের একাধিক আধিকারিক।বৈঠকে আসন্ন উপনির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, ভোটগ্রহণ কেন্দ্রের অবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পর্যালোচনা করা হয়। নির্বাচন কমিশনের প্রতিনিধিরা প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন প্রশাসনের আধিকারিকদের।আসন্ন উপনির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রশাসনের তরফে বিভিন্ন প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গেছে।
