প্রতিনিধি খোয়াই :- নেশামুক্ত ত্রিপুরা গড়ার অভিযানে বড় সাফল্য পেল বিচার বিভাগ। ৬৬ গ্রাম ব্রাউন সুগারসহ ধৃত এক নেশা কারবারিকে ৫ বছরের কারাদন্ড এবং ২৫ হাজার টাকা আর্থিক জরিমানার নির্দেশ দিল খোয়াই জেলা ও দায়রা আদালত। বৃহস্পতিবার খোয়াই জেলা ও দায়রা আদালতের বিচারক বেদপ্রতিম দেববর্মা এই রায় ঘোষণা করেন। ঘটনার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ২০সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে খোয়াই থানার পুলিশ ধলাবিল চৌমুহনী এলাকায় ওত পেতে বসে। বিকাল আনুমানিক ৪টা নাগাদ TR 04 C 0671 নম্বরের একটি বিলাসবহুল গাড়িকে আটক করে তল্লাশিতে চালকের সিটের নিচ থেকে ৬টি সাবানের বাক্স উদ্ধার হয়, যার ভেতরে ছিল ৬৬ গ্রাম ব্রাউন সুগার। পুলিশ তৎক্ষণাৎ গাড়ি চালক সৌমিত্র কর্মকারকে এনডিপিএস (NDPS) আইনে গ্রেপ্তার করে।তদন্তকারী অফিসার যুগল চরণ ত্রিপুরা ২০২৩ সালের ৩১ ডিসেম্বর আদালতে চার্জশিট পেশ করেন। মামলার বিচার চলাকালীন আদালত মোট ১৩ জন সাক্ষীর বয়ান গ্রহণ করে। সমস্ত তথ্য-প্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিচারক অভিযুক্ত সৌমিত্র কর্মকারকে দোষী সাব্যস্ত করেন এবং ৫ বছরের জেল হাজতের পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে তাকে আরও অতিরিক্ত তিন মাস কারাবাস ভোগ করতে হবে ।এমনটাই জানিয়েছেন সরকার পক্ষের আইনজিবি অভিজিৎ ভট্টাচার্য।
