গন্ডাছড়া প্রতিনিধি ।। গন্ডাছড়া মহকুমার এম আর দাস পাড়ায় পুকুর পাড়ে কাজ করতে গিয়ে মাটি ধসে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতের নাম বিশ্বজিৎ নমশূদ্র (৩৫), যাকে স্থানীয়রা মরণ নামেই চিনতেন। তিনি সুনীল নমশূদ্রের পুত্র। এই আকস্মিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা যায়, বৃহস্পতিবার দুপুর প্রায় ১টা নাগাদ বিশ্বজিৎ নিজ বাড়ির পাশের পুকুরে মাছ ধরার উদ্দেশ্যে যান। সেই সময় পুকুরের বাঁধ কেটে জল ছাড়ার চেষ্টা করলে হঠাৎ করেই মাটির বাঁধ ধসে পড়ে এবং তিনি মাটির নিচে চাপা পড়ে যান। ঘটনার পর কিছুক্ষণ পর্যন্ত বিষয়টি কেউ বুঝতে পারেননি। প্রায় দুই ঘণ্টা পর স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে দ্রুত দমকল দপ্তরে খবর দেন। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন এবং মাটি সরিয়ে বিশ্বজিৎকে উদ্ধার করেন। পরে তাকে দ্রুত গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। উল্লেখ্য, বিশ্বজিৎ আগরতলার একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন। গত পরশুদিন তিনি বাড়িতে এসেছিলেন। তার এই অকাল ও মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের পরিবেশ বিরাজ করছে।
