ধর্মনগর প্রতিনিধি মিলন নাগঃ পাচারের পথে বিপুল পরিমাণ গাঁজা বোঝাই একটি কন্টেনার লরি জব্দ করল আসাম পুলিশ। ঘটনাটি ঘটেছে পাথারকান্দি-তে। তবে লরির চালক পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে NL01N-4432 নম্বরের একটি কন্টেনার লরি ত্রিপুরা রাজ্য থেকে সীমান্ত পেরিয়ে কাঁঠালতলি হয়ে চাঁদখিরা ফাঁড়ি রুট ধরে পাথারকান্দি জাতীয় সড়ক দিয়ে অন্যত্র যাওয়ার চেষ্টা করছিল। আগাম গোপন খবরের ভিত্তিতে পাথারকান্দির বিভিন্ন স্থানে নাকা চেকিং জোরদার করা হয়।এরই মধ্যে মইনা বাইপাস এলাকায় পৌঁছাতেই কর্তব্যরত পুলিশ কর্মীরা লরিটিকে আটক করে। তবে সেই সময় সুযোগ বুঝে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে পুলিশ কেবিনের উপরে লুকানো অবস্থায় ৩৮টি প্যাকেট উদ্ধার করে, যার মোট ওজন প্রায় সাড়ে চার কুইন্টাল শুকনো গাঁজা।এই ঘটনায় শুক্রবার সকালে ঘটনাস্থলে পৌঁছান করিমগঞ্জ জেলার পুলিশ সুপার অর্ণিবান শর্মা এবং পাথারকান্দি থানার ওসি মানসজ্যোতি বড়ো সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। পুলিশ সুপার জানান, উদ্ধার হওয়া গাঁজার কালোবাজারি মূল্য প্রায় ২ কোটি টাকা।অন্যদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, গাঁজাগুলি সম্ভবত ট্রেনযোগে আগে চাঁদখিরায় আনা হয় এবং পরে পাচারের উদ্দেশ্যে লরিতে তোলা হয়েছিল।পলাতক চালককে গ্রেফতারের জন্য ইতিমধ্যে সর্বত্র জাল বিছিয়েছে পুলিশ।এদিকে, পুলিশের এই ধারাবাহিক নেশা বিরোধী অভিযানে সন্তোষ প্রকাশ করেছে স্থানীয় সামাজিক সংগঠন জিপিএফ। সংগঠনের সভাপতি তথা ছাত্রনেতা বদরুল হক পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।উল্লেখ্য, একাধিক নাকা চেকিং পয়েন্ট অতিক্রম করে ত্রিপুরা থেকে আসামে প্রবেশের পর এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হওয়ায় সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ও নজরদারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।
