চুরাইবাড়ি ১৪ এপ্রিল : সপ্তম রাজ্য ভিত্তিক বিউ উৎসবের উদ্বোধন হলো উত্তর ত্রিপুরার কাঞ্চনপুরে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সোমবার রাত আটটায় এই উৎসবের শুভ উদ্বোধন করেন বিধায়ক যাদব লাল নাথ। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন লালজুরী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অজন্ত চৌধুরী, কমলকৃষ্ণ নাথ বিউ পরব কমিটির চেয়ারম্যান, এমডিসি শৈলেন্দ্রনাথ ও স্বপ্না দাস এবং বড়ুয়া সম্প্রদায়ের রাজ্য সম্পাদক টাবলু বড়ুয়া প্রমুখরা। এর পাশাপাশি এলাকার গণ্যমান্য ও বড়ুয়া সমাজের বিশিষ্ট ব্যক্তিরাও অংশগ্রহণ করেন। প্রথমে প্রদীপ প্রজ্জ্বলন করে এই উৎসবের উদ্বোধন করে বিধায়ক যাদব লাল একে একে বিভিন্ন স্টল সহ ভবচক্র উদ্বোধন করেন পিতা কেটে।বড়োয়া সম্প্রদায়ের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতেই এই বিউ উৎসবের আয়োজন করা হয়েছে। এবছর এই উৎসব সপ্তম বর্ষে অনুষ্ঠিত হচ্ছে। এখানে বড়ুয়া সমাজের শুধু ঐতিহ্য নয় বরং অন্যান্য বাঙালি, চাকমা, মগ ও রিয়াং সহ বিভিন্ন জাতি গোষ্ঠীর নৃত্য, সংগীত ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসবমুখর হয়ে ওঠে পুরো উৎসব প্রাঙ্গন।এই পরব সোমবার থেকে শুরু হয়ে বাংলা নতুন বছর অর্থাৎ বুধবার পর্যন্ত চলবে। এই কয়েকদিনে স্থানীয় মানুষের পাশাপাশি দূরদূরান্ত থেকে আগত দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয়ে উঠবে উৎসব প্রাঙ্গণ এই প্রত্যাশা করেন আয়োজক কমিটি।সংস্কৃতির বন্ধনে সবাইকে একত্রিত করার এই উদ্যোগ ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহলে। উৎসবের শেষ দিনে থাকছে বিশেষ আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাপনী পর্ব।
