ধর্মনগর, মিলন নাগ : উত্তর ত্রিপুরার পানিসাগরে চড়ক মেলাকে কেন্দ্র করে জমজমাট জোয়ার আসরে প্রকাশ্যে জুয়া খেলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, এলাকার এক পরিচিত ও প্রভাবশালী ব্যক্তিকে ওই জুয়ার আসরে অংশ নিতে দেখা গেছে, যা সামনে আসতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক।স্থানীয় সূত্রে জানা যায়, চড়ক মেলার সুযোগে প্রতি বছরের মতো এবারও গোপনে জুয়ার আসর বসেছিল। তবে এবারের ঘটনায় বিশেষভাবে আলোচনায় উঠে এসেছে ওই পরিচিত ব্যক্তির উপস্থিতি। সামাজিকভাবে দায়িত্বশীল অবস্থানে থাকা একজন মানুষের এমন কর্মকাণ্ড সাধারণ মানুষের মধ্যে প্রশ্নের জন্ম দিয়েছে।সচেতন মহলের একাংশের মতে, সমাজে নেতৃত্বস্থানীয় বা প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে সঠিক দৃষ্টান্ত প্রত্যাশা করা হয়। সেখানে প্রকাশ্যে জুয়ার আসরে অংশগ্রহণ নৈতিকতার প্রশ্ন তো তুলছেই, পাশাপাশি সমাজে নেতিবাচক বার্তাও ছড়াচ্ছে।অন্যদিকে, এই ঘটনাকে ঘিরে প্রশাসনের ভূমিকাও প্রশ্নের মুখে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, মেলা চলাকালীন এমন অবৈধ কার্যকলাপ রুখতে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা থাকা উচিত ছিল।যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনার ঝড় অব্যাহত রয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে স্থানীয় প্রশাসন বলে জানা গেছে।
