মিলন নাগ,ধর্মনগর : বিগত কয়েকদিন ধরে উত্তর ত্রিপুরার ধর্মনগর থানা এলাকায় ধারাবাহিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল সাধারণ মানুষের মধ্যে। একের পর এক অভিযোগ জমা পড়ছিল ধর্মনগর থানায়। সোনারপাশা বনবাড়ি এলাকায় অবস্থিত সাধক রতনমনি সেবা সদনের নবনির্মিত ভবন থেকে রড চুরি, শহরজুড়ে একাধিক বাইক চুরি এবং বিভিন্ন দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়।এই পরিস্থিতিতে তৎপর হয় পুলিশ প্রশাসন। মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকারের নেতৃত্বে এবং ধর্মনগর থানার ওসি মীনা দেববর্মনের তত্ত্বাবধানে একটি বিশেষ টিম গঠন করা হয়। শুরু হয় জোরদার অভিযান।অভিযানে নেমে উল্লেখযোগ্য সাফল্য পায় পুলিশ। চুরি যাওয়া প্রায় ২ টন রড, ড্রিল মেশিন, কাটার মেশিনসহ একাধিক যন্ত্রাংশ উদ্ধার করা হয়। পাশাপাশি উদ্ধার হয় চুরি যাওয়া ৯টি বাইক। জেলা পুলিশ সুপার অভিনাশ রায় সংবাদ মাধ্যমকে জানান, গত এক সপ্তাহে বিভিন্ন চুরির ঘটনায় জড়িত মোট ৭ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, বাইক চুরির ঘটনায় জড়িত রামদেব নাথকে গ্রেফতার করা হয়েছে এবং তার সূত্র ধরে আনন্দবাজার সহ বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয় ৯টি বাইক। অন্যদিকে রড চুরির ঘটনায় গ্রেফতার করা হয়েছে সুলাজ মিয়া, রাহুল উদ্দিন, গয়াজ উদ্দিন ও আব্দুল কালামকে। এছাড়াও দোকান চুরির ঘটনায় জড়িত কমফু শুক্ল দাস ও সঞ্জয় দাসকেও গ্রেফতার করেছে পুলিশ।যদিও পুর্বে ধৃত সকল অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হয়। বুধবার রাতে উদ্ধার হওয়া বাইক চুরির ঘটনায় গ্রেফতার রামদেব নাথ কে বৃহস্পতিবার আদালতে তোলা হয়। বাকি চুরির ঘটনায় জড়িতদের পূর্বেই আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশের এই ধারাবাহিক অভিযানে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে ধর্মনগরবাসীর মধ্যে। তবে চুরি রুখতে নজরদারি আরও বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
