সোনামুড়া,নারায়ণ বৈদ্য : দুই মাসের বেতন না পেয়ে সোনামুড়া বিদ্যালয় পরিদর্শকের নিকট পাঁচ দফা দাবি নিয়ে ডেপুটেশন প্রদান।অভিযোগ বেতন বৃদ্ধির বদলে দুই মাস ধরে বেতনই বন্ধ SPQEM মাদ্রাসা শিক্ষকদের। পরিবার নিয়ে চরম বেকায়দায় শিক্ষকরা। বেতন বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন রাজ্যের SPQEM প্রকল্পের অধীন মাদ্রাসা শিক্ষকরা। কিন্তু বেতন বৃদ্ধি তো দূরের কথা, উল্টে গত দুই মাস ধরে সম্পূর্ণ বেতনই বন্ধ হয়ে গেছে তাঁদের। এর জেরে চরম আর্থিক সংকট দেখা দিয়েছে। পরিবার নিয়ে রীতিমত দিশেহারা অবস্থায় কয়েকশো শিক্ষক। ১৯৯৬-১৯৯৭ সাল থেকে ধাপে ধাপে নাম পরিবর্তন হয়। বর্তমানে (SPQEM) প্রকল্পের অধীনে রাজ্যের বিভিন্ন মাদ্রাসায় প্রায় ৩৩৬ জন শিক্ষক কর্মরত। অভিযোগ, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস থেকে তাঁদের বেতন বন্ধ রয়েছে। দুই মাস বেতন না পেয়ে ঘরভাড়া, রেশন, ছেলেমেয়ের পড়াশোনার খরচ, ঔষধের খরচ মেটাতে পারছেন না। SPQEM শিক্ষক সমন্বয় কমিটির এক সদস্য বলেন, কেন্দ্র ও রাজ্য ৬০:৪০ অনুপাতে টাকা দেয়। কেন্দ্রের টাকা আসেনি বলে রাজ্য বেতন আটকে রেখেছে। বারবার দপ্তরে গিয়েও কোনো সুরাহা মিলছে না। তিনি বলেন আমরা বেতন বৃদ্ধির দাবি করেছিলাম, এখন পুরো বেতনটাই বন্ধ। ঈদের আগে থেকে এই অবস্থা। দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ঈদ ও নববর্ষের আগে বেতন না পাওয়ায় ক্ষোভে ফুঁসছেন SPQEM শিক্ষক মহল। রাজ্যের শিক্ষাব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়েও বছরের পর বছর ধরে বঞ্চনার শিকার এই শিক্ষকদের পাশে সরকার কবে দাঁড়াবে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।
