তেলিয়ামুড়া প্রতিনিধি ।। ত্রিপুরার প্রত্যন্ত এলাকা হিসেবে পরিচিত মুঙ্গিয়াকামি ও পার্শ্ববর্তী অঞ্চলগুলোর মানুষদের জন্য সুখবর। দীর্ঘদিনের দাবি এবং প্রতিদিনের যাতায়াতের কষ্টকে বিবেচনা করে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী ও ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ দেববর্মা ২৮ নভেম্বর ২০২৫ তারিখে মুঙ্গিয়াকামি স্টেশনে ট্রেন থামার সুবিধা দেওয়ার জন্য ভারত সরকারের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিয়েছিলেন। ভারত সরকারের রেল দপ্তর থেকে জানানো হয়েছে, ১৫৬৬৩/১৫৬৬৪ আগরতলা-শিলচর এক্সপ্রেস ট্রেন মুঙ্গিয়াকামি স্টেশনে থামার অনুমোদন পেয়েছে। এই খবরে এলাকাবাসী আনন্দে ভাসছে। মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, “এটি আমাদের এলাকার মানুষের জন্য এক দীর্ঘদিনের প্রতীক্ষিত সুযোগ। আশা করি, আগামী দিনে আরও ট্রেন এখানে থামবে, যাতে যাত্রীরা সহজে এবং আরামে যাতায়াত করতে পারেন। এছাড়াও আমরা স্টেশনটিকে আরও আধুনিক করার বিষয়েও রেলমন্ত্রীর সঙ্গে আলোচনা করব।”স্থানীয়রা জানিয়েছেন, এই পদক্ষেপের ফলে মুঙ্গিয়াকামি সহ পার্শ্ববর্তী এলাকা থেকে আগরতলা ও শিলচর যাত্রা অনেক সহজ ও সুবিধাজনক হবে। বিশেষ করে এই অঞ্চলের মানুষদের জন্য এটি এক স্বস্তির বার্তা। এক এলাকাবাসী আবেগপ্রবণ কণ্ঠে বললেন, “এতো দিন আমাদের আশা ছিল, আজ তা পূর্ণ হলো। প্রতিদিনের যাতায়াত এখন অনেক সহজ হবে।”মুঙ্গিয়াকামি স্টেশনকে আধুনিক ও যাত্রীবান্ধব করার পরিকল্পনাও ইতিমধ্যেই রেলমন্ত্রীর সঙ্গে আলোচনার বিষয়বস্তু হিসেবে রয়েছে, যা এলাকা ও যাত্রীদের জন্য বড় সুবিধা বয়ে আনবে।
