খোয়াই,প্রীতম তাঁতি : খোয়াই পৌর পরিষদের ১৪ নং ওয়ার্ডের গনকী এলাকার ফাঁড়ির রাস্তাটি এখন সাধারণ মানুষের জন্য এক চরমাতঙ্ক ও নরককুণ্ডে পরিণত হয়েছে। ভাঙা কালভার্ট এবং পুরসভার চরম উদাসীনতায় তৈরি হওয়া ময়লার স্তূপের কারণে যেকোনো সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা। ভাঙা ফাঁড়ির রাস্তা হওয়া সত্ত্বেও স্থানীয় এক ব্যবসায়ীর অনৈতিক মদতে ১২ চাকার পণ্যবাহী লরি এই রাস্তা দিয়ে নিয়মিত যাতায়াত করছে।অতিরিক্ত ওজনের গাড়ি লোড-আনলোড করার ফলে রাস্তার বক্স কালভার্টটি সম্পূর্ণ ভেঙে বসে গেছে। কালভার্টটি এখন অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে, যা যেকোনো মুহূর্তে বড় কোনো দুর্ঘটনার কারণ হতে পারে।খোয়াই পৌর পরিষদের পক্ষ থেকে নিয়মিত আবর্জনা পরিষ্কারের কোনো সঠিক উদ্যোগ নেই বলে অভিযোগ। রাস্তার পাশেই তৈরি হয়েছে পুরসভার বিশাল ময়লার ভাগাড়।তীব্র দুর্গন্ধে রাস্তাটি এখন চলাচলের অযোগ্য এবং গোটা এলাকায় মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। প্রশাসনের কাছে এলাকাবাসীর দাবি ফাঁড়ির রাস্তায় ১২ চাকার মতো ভারী পণ্যবাহী গাড়ির প্রবেশ অবিলম্বে পুরোপুরি বন্ধ করা হোক।ভেঙে যাওয়া বক্স কালভার্টটি যুদ্ধকালীন তৎপরতায় মেরামত করা হোক।রাস্তার পাশের ময়লার স্তূপ দ্রুত অপসারণ করে এলাকাটিকে দূষণমুক্ত করা হোক।স্থানীয় বাসিন্দাদের হুঁশিয়ারি, প্রশাসন অবিলম্বে কোনো ব্যবস্থা না নিলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।
