কাঁঠালিয়া,নারায়ণ বৈদ্য : মায়ের কোলের ছোট্ট সন্তানকে নিয়ে বাবার বাড়ি থেকে স্বামীর সংসারে ফেরার কথা ছিল। কিন্তু সেই ফেরা আর হলো না। এখন শুধু অপেক্ষা, কান্না আর দুশ্চিন্তায় দিন কাটছে দুই পরিবারের। বিরচন্দ্র মনু এলাকার কালাপাড়ার বাসিন্দা রঞ্জীত দের্বমার মেয়ে তেজি দেবর্বমা গত ১৩ই মে দুপুরে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি মনাই পাথরের উদ্দেশ্যে রওনা দেন। তাঁর সঙ্গে ছিল কোলের ছোট্ট সন্তানটিও। যাওয়ার আগে শেষবারের মতো স্বামী কৃষ্ণধন নোয়াতিয়ার সঙ্গে ফোনে কথা হয় তেজির। তিনি জানান, আমি ফিরছি… কিন্তু সেই ফেরাটা আর হলো না।সময় গড়িয়েছে, বিকেল পেরিয়ে রাত নেমেছে, তবুও বাড়ি পৌঁছাননি তেজি দেবর্বমা। মোবাইলেও আর যোগাযোগ করা সম্ভব হয়নি। ধীরে ধীরে আতঙ্ক গ্রাস করে দুই পরিবারকে। একদিকে স্বামী কৃষ্ণ ধন নোয়াতিয়া পাগলের মতো স্ত্রী আর নিজের ছোট্ট সন্তানকে খুঁজে বেড়াচ্ছেন, অন্যদিকে বাবার বাড়িতেও নেমে এসেছে উৎকণ্ঠার ছায়া। মা-বাবার চোখে এখন শুধু কান্না, কোথায় আছে তাঁদের মেয়ে? কেমন আছে সেই অবুঝ শিশুটি? ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে মনু থানায় একটি জিডি দায়ের করা হয়েছে। আত্মীয় স্বজন, পরিচিতজন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খোঁজ চালানো হলেও এখনও পর্যন্ত কোনো সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূ ও তার সন্তানের।একটি পরিবারের হাসি যেন মুহূর্তের মধ্যে কান্নায় বদলে গেছে। যে মা সন্তানের হাত ধরে নতুন করে সংসারে ফিরছিলেন, আজ তাঁকেই খুঁজে ফিরছে দুই পরিবার। প্রতিটি মুহূর্তে শুধু একটাই প্রার্থনা সুস্থ ও নিরাপদে যেন ফিরে আসেন তেজি দের্বমা এবং তার কোলের ছোট্ট সন্তান।
