খোয়াই,প্রীতম তাঁতি : নেশাবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল খোয়াই মহকুমার বাইজালবাড়ি থানার পুলিশ। সোমবার বিকেলে এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট। এই ঘটনায় ঝুটন নম দাস নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার আদালত অভিযুক্তের ৫ দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেছে।পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বাইজালবাড়ি থানার ওসি তিলক জমাতিয়ার কাছে একটি গোপন খবর আসে, খোয়াই-আগরতলা ১০৮-বি জাতীয় সড়ক দিয়ে বড়সড় একটি নেশার চালান পাচার হতে যাচ্ছে। খবর পেয়েই খোয়াইয়ের অতিরিক্ত জেলা পুলিশ সুপার জাস্টিন জোসেফের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ১০৮-বি জাতীয় সড়কের বেফাং নাকা পয়েন্টে ওত পেতে বসে থাকে।অভিযান চলাকালীন একটি সন্দেহভাজন বাইককে আটক করে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ পুলিশের। বাইকের ভেতরে তৈরি করা বিশেষ গোপন কুঠুরি থেকে উদ্ধার হয় ৬০০০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট। পুলিশ সাথে সাথেই চালক ঝুটন নম দাসকে আটক করে এবং পাচারকাজে ব্যবহৃত বাইকটি বাজেয়াপ্ত করে। পরবর্তী সময়ে ধৃত অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস (NDPS) ধারায় মামলা রুজু করে মঙ্গলবার খোয়াই জেলা ও দায়রা আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে পুলিশ ৫ দিনের রিমান্ডের আবেদন জানালে মাননীয় আদালত তা মঞ্জুর করেন। পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই পাচারচক্রের সাথে আর কে কে জড়িত বা এর মূল উৎস কোথায়, তা বের করার চেষ্টা করবে বাইজালবাড়ি থানার পুলিশ। আগামী ২৫ মে রবিবার অভিযুক্ত ঝুটন নম দাসকে পুনরায় আদালতে হাজির করা হবে বলে পুলিশ সূত্রে খবর । তবে ইতি মধ্যে খোয়াই জেলায় মাদকের রমরমা পুনরায় লক্ষ করা যাচ্ছে যদিও পুলিশ তার বিরুদ্ধে অভিযানে কোন খামতি রাখছে না, তবে সেটা কতদিন জারী থাকবে সেই নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে বিভিন্ন মহলে।
