তেলিয়ামুড়া, প্রতিনিধি ।। নেশা বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল মুঙ্গিয়াকামি থানার পুলিশ। রবিবার গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আসাম-আগরতলা জাতীয় সড়কের ৪১ মাইল এলাকা থেকে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক করা গাড়ি থেকে মোট ১০৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা।পুলিশ জানায়, রবিবার সকালে মুঙ্গিয়াকামি থানার ওসি রাজু বৈদ্যের নেতৃত্বে একদল পুলিশ গোপন খবরের ভিত্তিতে জাতীয় সড়কের ৪১ মাইল এলাকায় নাকা চেকিং শুরু করে।
সেই সময় সন্দেহজনকভাবে আসা TR05K1792 নম্বরের একটি বোলেরো গাড়িকে থামানো হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।গাড়ির চালক ও গাড়িতে থাকা অন্যান্য ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানায় পুলিশ ।
ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের দাবি, পাচারকারীরা দীর্ঘদিন ধরেই জাতীয় সড়ক ব্যবহার করে অবৈধ মাদক পাচারের সঙ্গে জড়িত রয়েছে এবং এই চক্রের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে।
মুঙ্গিয়াকামি থানার ওসি রাজু বৈদ্য জানান, উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় ১০৫ কেজি এবং এর কালোবাজারি মূল্য আনুমানিক ৩০ লক্ষ টাকার কাছাকাছি।
তবে প্রশ্ন উঠছে, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও গাড়ি উদ্ধার করা সম্ভব হলেও, পাচারকারীদের কাউকেই কেন আটক করা গেল না।
বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যেও নানা প্রশ্ন দেখা দিয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, পলাতকদের খোঁজে তল্লাশি জারি রয়েছে এবং খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করা সম্ভব হবে বলে আশাবাদী তদন্তকারী আধিকারিকরা।
