কাঁঠালিয়া,নারায়ণ বৈদ্য : সোনামুড়া মহকুমার ধনপুর বিধানসভা এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রতিষ্ঠান কাঁঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্র দীর্ঘদিন ধরেই চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং পরিকাঠামোগত সংকটের মধ্যে দিয়ে পরিষেবা চালিয়ে যাচ্ছে। বিস্তীর্ণ এলাকার হাজার হাজার মানুষের একমাত্র ভরসা এই স্বাস্থ্য কেন্দ্র হলেও প্রয়োজনের তুলনায় চিকিৎসক ও কর্মীর সংখ্যা অত্যন্ত কম বলে অভিযোগ স্থানীয়দের।
জানা গেছে, স্বাস্থ্য কেন্দ্রে একাধিক চিকিৎসক ও কর্মচারীর পদ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে রয়েছে। ফলে বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে জরুরি বিভাগ পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে রোগীদের।
এছাড়াও স্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ড, চিকিৎসা সরঞ্জাম এবং অন্যান্য পরিকাঠামোগত ক্ষেত্রেও উন্নয়নের প্রয়োজন রয়েছে বলে দাবি এলাকাবাসীর। রোগীর সংখ্যা ক্রমশ বাড়লেও সেই অনুযায়ী পরিষেবার পরিধি বাড়ানো হয়নি বলেও অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ধনপুর ও সংলগ্ন এলাকার বহু মানুষ প্রতিদিন এই স্বাস্থ্য কেন্দ্রের উপর নির্ভরশীল। কিন্তু জনবল ও সুযোগ-সুবিধার অভাবে কাঙ্ক্ষিত পরিষেবা পাওয়া যাচ্ছে না। দ্রুত শূন্য পদে নিয়োগ, পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ এবং স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো উন্নয়নের দাবি জানিয়েছেন তাঁরা।
বর্তমানে ৩০ শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্য কেন্দ্রে রোগীর চাপ প্রায়শই ৪৫ থেকে ৫০ জনেরও বেশি থাকছে। বাধ্য হয়ে হাসপাতালের বারান্দায় রোগীর জায়গা দিচ্ছেন স্বাস্থ্য কর্মীরা। চিকিৎসকের সংখ্যা মাত্র চার জন। এর মধ্যেই এক চিকিৎসকের বদলির নির্দেশ জারি হলে স্থানীয় বাসিন্দা ও আম্বেদকর সামাজিক সংস্থার তীব্র প্রতিবাদের মুখে স্বাস্থ্য দপ্তর সেই সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হয়।
এলাকাবাসীর বক্তব্য, ডক্টর অভিজিৎ দে এবং ডঃ শৈলেন ঘোষের পরিষেবার উপরই অনেকাংশে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নির্ভর করছে। একইভাবে এলডিসি, গ্রুপ ডি কর্মী ও স্টাফ নার্সের সংখ্যাও প্রয়োজনের তুলনায় অনেক কম।
অনেক ক্ষেত্রে একজন MPW কে একাধিক গ্রাম পঞ্চায়েতে গিয়ে সাব সেন্টার সামাল দিতে হয়। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে শূন্য পদ পূরণের পরিবর্তে চিকিৎসক ও কর্মীদের অন্যত্র বদলি করে দেওয়া হচ্ছে, ফলে স্বাস্থ্যপরিসেবার উপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগের পাশাপাশি কাঁঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের সামগ্রিক পরিকাঠামো উন্নয়নের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
উল্লেখ্য, রাজ্য সরকার সম্প্রতি স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণ এবং বিভিন্ন পদে নিয়োগের উদ্যোগ গ্রহণ করেছে। স্বাস্থ্য ক্ষেত্রে নতুন নিয়োগ এবং অবকাঠামো উন্নয়নের বিভিন্ন সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এখন দেখার বিষয়, কাঁঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের দীর্ঘদিনের সমস্যা সমাধানে স্বাস্থ্য দপ্তর কতটা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।
