প্রতিনিধি, জনি ভট্টাচার্য : কেন্দ্রের মোদী সরকারের জনবিরোধী নীতি ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমারঘাটের রাজপথ কাঁপালো কংগ্রেস। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, পেট্রোল-ডিজেলের ক্রমবর্ধমান মূল্য নিয়ন্ত্রণ, বেকার যুবকদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং রেগা প্রকল্পে ২০০ দিনের কাজ নিশ্চিত করার দাবিতে গর্জমান স্লোগান তুলে ঊনকোটি জেলার কুমারঘাট শহরে বিক্ষোভ কর্মসূচি পালন করে পাবিয়াছড়া ব্লক কংগ্রেস।
স্লোগান সোচ্চার তেজদ্বীপ্ত মিছিল পরিক্রমা করে শহরের বিভিন্ন পথ।কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক সত্যবান দাস, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ও প্রাক্তন বিধায়ক দ্বিবাচন্দ্র রাঙ্খল, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তরুণ সাহা, জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী ফুলকুমারী গোস্বামী, যুবনেতা সৌরভ চক্রবর্তী সহ দলের অন্যান্য নেতৃত্ব।
পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় সরকারের নীতি ও প্রশাসনিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন প্রদেশ কংগ্রেস সম্পাদক সত্যবান দাস। তিনি অভিযোগ করেন, মূল্যবৃদ্ধি, ক্রমবর্ধমান বেকারত্ব এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি দেশের মানুষের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। এসব সমস্যা সমাধানে কেন্দ্র সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ বলেও অভিযোগ করেন তিনি। এসব দাবী নিয়ে আগামী দিনেও কংগ্রেসের আন্দোলন জারি থাকবে বলে জানান কংগ্রেস নেতা।
