কদমতলা,প্রতিনিধি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার উদ্যোগ ও প্রচেষ্টায় ত্রিপুরার ঐতিহ্যবাহী আগর শিল্প আজ রাজ্য ও দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রেও পরিচিতি লাভ করেছে। সেই শিল্পকে আরও সমৃদ্ধ ও কর্মসংস্থানমুখী করে তুলতে নেরমেক (NERAMAC)-এর উদ্যোগে এবং নেকোফ (NACOF)-র সহযোগিতায় প্রায় এক বছরের আগর উড স্কিল ট্রেনিং সেন্টার-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয় সোমবার।
উত্তর জেলার কদমতলা পঞ্চায়েত সমিতির হলে দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেরমেকের ইনচার্জ অমন রাহত বাজফুর, নেকোফের ইনচার্জ নিতিন কুমার, জেলা সভাধিপতি অপর্ণা নাথ, কদমতলা ব্লকের বিডিও উৎপল দাস সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।
কদমতলা ব্লকের ১৮টি এলাকার মোট ২,০৬০ জন নারী ও পুরুষকে আগর শিল্পের বিভিন্ন ক্ষেত্রে দক্ষ করে তোলার লক্ষ্যে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। চলতি মাসের শেষের দিক থেকে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে।
প্রশিক্ষণের আওতায় থাকছে ৫০০ জনকে আগর চিপ কাটিং প্রশিক্ষণ, ৫০ জনকে আগর খোদাই শিল্প, ৫০ জনকে আগর থেকে তেল উৎপাদন,২০০ জনকে আগর উড থেকে পারফিউম তৈরির কৌশল,১০ জনকে মান নিয়ন্ত্রণ (কোয়ালিটি চেকিং) প্রশিক্ষণ এবং ১,২৫০ জনকে আগরভিত্তিক ব্যবসা ও উদ্যোক্তা উন্নয়ন সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে আনুষ্ঠানিক সার্টিফিকেট তুলে দেওয়া হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, এই সার্টিফিকেটের ভিত্তিতেই ভবিষ্যতে আগর ক্লাস্টার প্রসেসিং সেন্টারে কর্মসংস্থানের সুযোগ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার মিলতে পারে।
এই উদ্যোগকে ঘিরে আগর শিল্পের সঙ্গে যুক্ত মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্ট মহলের মতে, এই প্রশিক্ষণ কর্মসূচি একদিকে যেমন দক্ষ মানবসম্পদ তৈরি করবে, তেমনি ত্রিপুরার আগর শিল্পকে আরও শক্তিশালী ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
